প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২৩:১০
তাহিরপুরে বিভিন্ন হাওরে ধানের চারায় পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকার আক্রমণে ধানের চারার পাতা ঝলসে যাচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে কৃষকরা উপজেলা কৃষি অফিসে গিয়ে পরামর্শ নিচ্ছেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, আতঙ্কিত না হয়ে কৃষকদের নিয়মিত জমি পরিদর্শন করা, আক্রান্ত চারা দ্রুত শনাক্ত করা এবং কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় কীটনাশক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
ভাটি তাহিরপুর গ্রামের কৃষক রাসেল মিয়া জানান, তিনি যে পরিমাণ ধানের চারা বপন করেছিলেন, তা দিয়ে তার ৫ কিয়ার (৩০ শতকে এক কিয়ার) জমি রোপণ করা যেত। কিন্তু বর্তমানে জমিতে পোকার আক্রমণের কারণে ধানের চারার অনেক ঘাটতি পড়বে। তিনি কৃষি অফিসের পরামর্শ নিয়ে তার জমিতে কীটনাশক ছিটিয়েছেন।
শনির হাওরপাড়ের গোবিন্দশ্রী গ্রামের কৃষক সেলিম আখঞ্জি বলেন, পোকায় তার অনেক ধানের চারা ক্ষতিগ্রস্ত হয়েছে। পোকার আক্রমণ রোধে তিনি জমিতে কীটনাশক ব্যবহার করবেন বলে জানিয়েছেন।
মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, এবছর হাওরের পানির টান খুব বেশি ছিল। যে কারণে শুকনো জমিতে সেচ করে বীজ ধান বপন করতে হয়েছে। জমিতে পোকা ধরা এ কারণেও হতে পারে। তিনি বলেন, তার জমিতে পোকা নিধনে কীটনাশক স্প্রে করেছেন।
তাহিরপুর উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, গত কয়েকদিন ধরে মাটিয়ান হাওরপাড়ের কৃষকরা জানিয়েছেন, তাদের ধানের চারার পাতা বিবর্ণ রূপ ধারণ করেছে। এমতাবস্থায় তাদের ছত্রাকনাশক ও কীটনাশক জমিতে স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে উপসহকারীদের কয়েকটি টিম নিয়মিত মাঠে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পোকা দমনে আমরা কৃষকদের নাইটো ৫৫ ইসি, অটোফস, মানটাফ প্লাস, এমিস্টার ছাপ, রেডোমিল গোল্ড জমিতে কীটনাশক স্প্রে করার পরামর্শ দিয়ে থাকি।
বাদাঘাট বাজারের কীটনাশক বিক্রেতা হাফিজুর রহমান বলেন, হাওরপাড়ের কৃষকরা তাদের ধানের চারা জমিতে পোকা দমনে উপজেলা কৃষি অফিস থেকে ব্যবস্থাপত্র নিয়ে আসছেন। ব্যবস্থাপত্রে এসিপ্রিড প্লাস ও পাইরালজিন দেওয়া হচ্ছে। ব্যবস্থাপত্র অনুযায়ী তারা কৃষকদের কীটনাশক দিচ্ছেন।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, বর্তমানে এলাকায় মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। এমন আবহাওয়ায় সাধারণত শোষক পোকা জন্ম নেয়। এ পোকাগুলো ধানের চারার পাতার রস চুষে পাতা বিবর্ণ করে দেয়। অফিসে আসা কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে, এ পোকা তেমন ক্ষতি করতে পারবে না। এ ছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিতে মাঠে কাজ করছেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন