বোরো চাষের বিপর্যয় আশঙ্কা মোকাবিলার প্রস্তুতি কতটুকু?

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২৩:০৮

হাওরাঞ্চল থেকে স্বাভাবিক সময়ের আগে পানি শুকিয়ে যাওয়ায় এ বছর বোরো ফসল আবাদে জটিলতা তৈরি হয়েছে। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরের প্রধান সংবাদ শিরোনাম ছিলো— ‘চিরচেনা কৃষি—ক্যালেন্ডার অচেনা’। পানি নেমে যাওয়ার শেষ সময় অগ্রহায়ণ মাসে কৃষকরা বীজতলা তৈরি করেন। এ বছর কার্তিক মাসে পুরো হাওর শুকিয়ে গেছে। কৃষকরা এখন বীজতলা প্রস্তুতের জন্য পানি পাচ্ছেন না। সেচযন্ত্র দিয়ে দূর থেকে বীজতলা পর্যন্ত পানি আনার খরচ অনেক বেশি।

 

বহু জায়গায় এমন সুবিধাও নেই। এবার সেপ্টেম্বর ও অক্টোবর মাসে গত বছরের চাইতে ২০ মিলিমিটার বৃষ্টিপাত কম হয়েছে। ইজারাদাররা বিল শুকিয়ে মাছ ধরতে হাওরের বিভিন্ন বাঁধ কেটে দিচ্ছেন। এইসব কারণে হাওরের পানি নিষ্কাশন তরান্বিত হচ্ছে। অগ্রিম হাওর শুকিয়ে যাওয়ার অবস্থা দৃশ্যমান। কিন্তু এর প্রতিকার ও কৃষকদের সঠিক পরামর্শ দানের বাস্তবতা অদৃশ্য। পরিবর্তিত পরিস্থিতিতে কৃষকদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দিতে দেখা যায় না কোনো সরকারি প্রতিষ্ঠানের। কৃষি ও ধান নিয়ে কাজ করা তিনটি সরকারি প্রতিষ্ঠান আছে সুনামগঞ্জে। সবচাইতে বৃহত্তর ও বিস্তৃত প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা উপকেন্দ্র এবং ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ও আছে জেলায়। এইসব প্রতিষ্ঠান দিশেহারা কৃষকদের সঠিক নির্দেশনা দিতে পারছে না। ধান গবেষণা ইনস্টিটিউটের অবহেলা ও দায়িত্বহীনতা দৃশ্যমান। হাওর শুকিয়ে যাওয়ার ফলে কৃষকদের করণীয় বিষয়ে জানতে ওই প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক সহকারির সাথে যোগাযোগ করে দৈনিক সুনামগঞ্জের খবর। তিনি এ বিষয়ে পরামর্শ পেতে সিনিয়র সায়েন্টিফিক অফিসারের সাথে কথা বলার পরামর্শ দেন। সিনিয়র সায়েন্টিফিক অফিসারকে ফোন দিলে তিনি তার উর্দ্ধতন কর্মকর্তার সাথে যোগাযোগের নসিহত করেন। কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাজই হলো ধান চাষ নিয়ে গবেষণা করা এবং উদ্ভাবন ও পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর বৈজ্ঞানিক পরামর্শ প্রদান। কার্যক্ষেত্রে দেখা যায় ওই প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক সহকারি থেকে সিনিয়র সায়েন্টিফিক অফিসার পর্যন্ত কেউই হাওরাঞ্চলের বোরো চাষের এই সংকট সম্পর্কে কিছুই জানেন না। অথচ প্রকৃতির এই অভিঘাত ও এর ফলে স্থানীয় চাষাবাদের সংকটের বিষয়টি তাঁদেরই সবার আগে জানার কথা। নতুন পরিস্থিতিতে করণীয় বিষয় নিয়ে গবেষণা ও অবহিতকরণ করা তাঁদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু সেটি তারা করতে অক্ষম হলেন। তাহলে প্রশ্ন উঠতেই পারে সরকারি টাকা খরচ করে এ ধরেনের প্রতিষ্ঠান রাখার প্রয়োজন কী ? 

 


জলবায়ুর বিরূপ পরিবর্তন, ঋতু—পরিক্রমায় অস্বাভাবিকত্ব, আবহাওয়ার নিরন্তর খামখেয়ালিপনা এখন সারা বিশে^ই দেখা যাচ্ছে। বাংলাদেশও এর বাইরে নয়। বৈশি^ক জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংগের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ—৩১) এখনও চলমান। বৈশি^ক জলবায়ু তহবিল থেকে বাংলাদেশও অর্থ বরাদ্দ পায়। অর্থ বরাদ্দের মূল কারণ হলো এই অভিঘাত মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা। আমাদের দেশীয় প্রেক্ষাপটে এই অভিঘাত মোকাবিলায় সরকারের ভূমিকা খুব বেশি দৃশ্যমান ছিলো না কখনও। আমাদের চাষাবাদ ব্যবস্থা এখনও বেশিরভাগ প্রকৃতিনির্ভর। প্রকৃতি বিরূপ আচরণ করলেই কৃষি বিপর্যস্ত হয়। এ বছর আমন মৌসুমে স্বল্প বৃষ্টিপাতের কারণে ফলন কম হবে। আসন্ন বোরো মৌসুম এই কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই সংকট নিয়ে কোনো পূর্বপ্রস্তুতি ছিল না। এখন কৃষকরা দিশেহারা সময় কাটাচ্ছেন। দায়িত্বশীলরা দায়সাড়া কথা বলে নিজেদের উচ্চপদের উচ্চ বেতন ঠিক রাখতে সমর্থ হলেও কৃষকরা ফসল হারানোর আশঙ্কায় পর্যুদস্ত। 

 

 


হাওরাঞ্চলে বোরো চাষাবাদে এ বছর যে নতুন সংকট তৈরি হয়েছে সে বিষয়ে দ্রুত সরকারের নজর দেয়া দরকার। কৃষকদের উপযুক্ত বৈজ্ঞানিক পরামর্শ ও সার্বিক সহযোগিতা দিতে হবে। বীজতলা তৈরিতে সেচের প্রয়োজন হলে স্বল্পমূল্যে কৃষকরা কী করে পেতে পারেন অনতিবিলম্বে তা নিশ্চিত করতে হবে। এখন পানির সংকট। কিন্তু ফসল তোলার সময় অতিরিক্ত বৃষ্টিপাতের আশঙ্কা বিদ্যমান। গতবছর হাওরে জলাবদ্ধতা তৈরি হয়ে ফসল সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলো। সুতরাং ফসল কাটার মৌসুমকেও সরকারের বিবেচনায় রেখে আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কৃষি ও কৃষক আমাদের প্রাণ, এ কেবল কথার কথা নয়; অতিশয় বাস্তব। একবার ব্যাপকভাবে ফসল বিপর্যয় হলে তা পুরো দেশ হাড়ে হাড়ে টের পাবে। সারা বিশ^ব্যাপী যে মন্দা ও যুদ্ধাবস্থা বিরাজ করছে তার বিরুদ্ধে আমাদের প্রধান রক্ষাকবচ ছিলো কৃষি। মহাগুরুত্বপূর্ণ এই কৃষি যে অবহেলার শিকার তা দূর করতে না পারলে এর প্রতিফল ভোগ করার অনিবার্যতাকে এড়িয়ে যাওয়ার উপায় থাকবে না।

সম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার