১৫ মিনিটের স্বাস্থ্য কর্মকর্তা চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২৩:০৫

ধর্মপাশায় খুদে ডাক্তারদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরির পাশাপাশি ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন জাগাতে ব্যতিক্রমী স্বাস্থ্যশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা শেষে মৌনিপা আরা নোহা নামে এক ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ১৫ মিনিটের জন্য প্রতীকী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার দায়িত্বও দেওয়া হয়।

 

‘আজকের খুদে ডাক্তার, আগামীর ভবিষ্যৎ ডাক্তার’— এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ওই হাসপাতালের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ধর্মপাশা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে ডাক্তার দলসহ ২৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়। ডা. মাজেদুল হাসান পিয়াসের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার। কর্মশালায় ডা. সাবের ফুয়াদ প্রেজেন্টেশনের মাধ্যমে খুদে ডাক্তারদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারনা দেন। ডা. সুবীর সরকার শিক্ষার্থীদের হাতেকলমে প্রেশার মাপা শেখান। পরে শিক্ষার্থীরা কর্মশালায় অর্জিত জ্ঞানের ওপর কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।

 


প্রতীকী স্বাস্থ্য কর্মকর্তা মৌনিপা আরা নোহা জানায়, গৌরবময় এই দিনটি তার জীবনে স্বরণীয় হয়ে থাকবে। স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয় বলেও মন্তব্য করে নোহা।  

 


প্রধান শিক্ষক নজমুল হায়দার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগটি অবশ্যই প্রশংসনীয়। এই কর্মশালার ফলে খুদে ডাক্তারদের মনে ভবিষ্যতে যেমন চিকিৎসক হওয়ার স্বপ্ন জাগতে শুরু করবে তেমনি আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও অন্যের সেবায় এগিয়ে আসার মানসিকতা তৈরি হবে। এসব গুণ ভবিষ্যতে তাদেরকে মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে উঠতে সহায়তা করবে।

 


ডা. সুবীর সরকার বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের শুধু স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করবে না; বরং তাদের মধ্যে চিকিৎসাসেবার প্রতি আগ্রহ ও মানবিক দায়িত্ববোধও তৈরি করবে। খুদে ডাক্তার হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা চিকিৎসা পেশা সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়ার পাশাপাশি বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেও উৎসাহিত হবে।

 


উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, শৈশবে কোনো পেশার সঙ্গে পরিচিত হওয়ার অভিজ্ঞতা শিশুর ভবিষ্যত স্বপ্ন ও লক্ষ্য নির্ধারণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আজকের খুদে ডাক্তারদের মধ্য থেকেই হয়তো একদিন কেউ চিকিৎসক হয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করবে। তাই শিশুদের হাতে স্বাস্থ্য সচেতনতার দায়িত্ব তুলে দেওয়ার পাশাপাশি তাদের মনে আগামীর চিকিৎসক হওয়ার স্বপ্ন বুনে দেওয়ার এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার