প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৪:৫৭
ছবি : সংগৃহীত
জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের লিড নেওয়ার আশায় বড় এক ধাক্কাই লাগল। কনুইয়ের চোট নিয়ে ওভারের মাঝপথে মাঠ ছাড়তে হলো হাসান মাহমুদকে।
ঘটনাটা ঘটল তৃতীয় দিনের ঠিক শুরুতেই। দিনটা তিনি শুরু করেছিলেন কনুইয়ে স্ট্র্যাপ লাগিয়ে। দিনের তৃতীয় ওভার করতে আসা হাসান শুরুর ৪ বল করেছিলেন ঠিকঠাক। এরপরই বাধল বিপত্তিটা।
ফিজিওকে ডাকতে হলো মাঝপথে। কিছুক্ষণ সেবা শুশ্রূষা করা হলো তার। তবে তাতে লাভ হলো না। বাকি দুটি ডেলিভারি না করেই মাঠ ছাড়তে হয় হাসানকে। সেই ওভারে বল করার জন্য ডাক পড়ে মেহেদী হাসান মিরাজের, যিনি গেল দিন ১৬ ওভারেই দিয়েছিলেন ১০১ রান।
আগের দিনও একটা ইনজুরি শঙ্কা পেয়ে বসেছিল হাসান মাহমুদকে ঘিরে। গতকাল দিনের ১৫তম ওভারে মার্কেস অ্যাকারম্যানের একটি শট এসে লেগেছিল তার কপালে। পরে কনকাশন চেকের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করা হয়। শেষমেশ তিনি একটু পরই বোলিংয়ে ফেরেন।
হাসান গতকাল দিনের শুরুতে এইডেন মার্করামকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রুটা এনে দেন। এরপর সেঞ্চুরিয়ান অ্যাকারম্যান আর ম্যাথিউ ব্রিটজকেকেও ফেরান তিনিই। দিনের সবচেয়ে সফল বোলারও ছিলেন তিনি।
হাসান বাদে বাকিরা বোলিংয়ে ব্যর্থই হয়েছেন গতকাল, তাসকিন আহমেদ গেল দিনে ১৫ ওভার বল করে উইকেট পাননি, মিরাজ তো ১৬ ওভারেই বল হাতে করেছেন ‘সেঞ্চুরি’। ওদিকে এবাদতও রান বিলিয়েছেন উদারহস্তে, মোটে ৭ ওভার করেছেন, রান দিয়েছেন ৩৬।
হাসানের হাত ধরেই মূলত লিডের ক্ষীণ একটা আশা দেখছিল বাংলাদেশ। চোট নিয়ে হাসানের বিদায়ে সে আশাটা বড় এক ধাক্কাই খেল এখন।
সূত্র:যুগান্তর.কম
খেলাধুলা থেকে আরো পড়ুন