আইপিএলে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়ে মেন্টর হচ্ছেন ধোনি

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৬:২৫

ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৮ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে খেলোয়াড় হিসেবে মাঠে না থাকলেও চেন্নাই সুপার কিংসের সঙ্গে তার সম্পর্ক অটুট থাকছে। ২০২৭ আইপিএল থেকে ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।

 

আগামী মৌসুমের জন্য খেলোয়াড় ধরে রাখার তালিকা প্রকাশের শেষ দিনে ধোনির নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করে চেন্নাই সুপার কিংস। এর মধ্য দিয়ে আইপিএলের অন্যতম সফল ক্রিকেটারের খেলোয়াড়ি জীবনের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

 

চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন জানিয়েছেন, ক্রিকেটার হিসেবে মাঠে না থাকলেও ধোনি সবসময়ই ফ্র্যাঞ্চাইজিটির পরিবারের সদস্য হয়ে থাকবেন। তার ভাষায়, ধোনি চেন্নাইয়ের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ এবং এই দলই তার প্রকৃত ঘর।

২০০৮ সালে আইপিএলের যাত্রা শুরুর সময় থেকেই চেন্নাইয়ের নেতৃত্বে ছিলেন ধোনি। তার অধিনায়কত্বে পাঁচবার আইপিএল শিরোপা জয়ের পাশাপাশি দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ট্রফি জেতে ফ্র্যাঞ্চাইজিটি।

 

ধোনির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে শ্রীনিবাসন বলেন, ধোনিকে ছাড়া চেন্নাই সুপার কিংসকে কল্পনা করা কঠিন। প্রায় দুই দশকের পথচলায় দলটি তার সঙ্গে অসংখ্য সাফল্য, ব্যর্থতা ও প্রতিকূল সময় পার করেছে। পারস্পরিক আস্থা ও বিশ্বাসই এই সম্পর্ককে এতটা শক্তিশালী করেছে বলে মনে করেন তিনি। ২০০৮ সালে ধোনিকে চেন্নাইয়ে নেওয়ার সিদ্ধান্তকে নিজের অন্যতম সেরা সিদ্ধান্ত হিসেবেও উল্লেখ করেন শ্রীনিবাসন।


অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের ব্যবস্থাপনা পরিচালক কেএস বিশ্বনাথনের মতে, ধোনির সবচেয়ে বড় সাফল্য শুধু মাঠের অর্জন কিংবা ট্রফি জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। চেন্নাই শহর ও মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক গড়ে ওঠাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। শহরটির মানুষও ধোনিকে নিজেদের একজন হিসেবে গ্রহণ করেছে।

 

খেলোয়াড় হিসেবে ধোনির অনুপস্থিতি অনুভূত হলেও নতুন ভূমিকায় তার অভিজ্ঞতা ও দিকনির্দেশনা দলের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে আশাবাদী বিশ্বনাথন। তার বিশ্বাস, তরুণ ক্রিকেটারদের গড়ে তোলা এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনায় ধোনির উপস্থিতি বড় ভূমিকা রাখবে।

 

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল এই ক্রিকেটার ২৭৮ ম্যাচে ২৪২ ইনিংস ব্যাট করে ৫ হাজার ৪৩৯ রান সংগ্রহ করেছেন। ৩৮.৩০ গড় এবং ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে ব্যাট করা ধোনির ঝুলিতে রয়েছে ২৪টি অর্ধশতক। আইপিএলে তার ব্যাট থেকে এসেছে ৩৭৫টি চার ও ২৬৪টি ছক্কা। তবে দীর্ঘ এই ক্যারিয়ারে কোনো সেঞ্চুরি নেই তার।

আইপিএল মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস
সূত্র:যুগান্তর.কম

সু.খবর ডেস্ক

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার