প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৮:১৩
ছবি : সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবির টহল দলের সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির (বিওপি) ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বিজিবির হেফাজতে রয়েছেন।
স্থানীয়দের দাবি বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ প্রবেশ করে নাগরিকদের গালাগাল করায় বিএসএফের এক সদস্যকে আটক করেছে বিজিবি।
সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিছনাকান্দিতে আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিএসএফের এক সদস্য অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে ২০০ গজ চলে এসেছিল। পরে ওখানে বিজিবির টহল দল তাৎক্ষণিক ওই বিএসএফ সদস্যকে তত্ত্বাবধানে নেয়। বর্তমানে সে বিওপিতে আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তবে আটক বিএসএফ সদস্যের নাম ও পদবি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।
সিলেট থেকে আরো পড়ুন