শীতে শিশু ও পরিবারের সদস্যদের সর্দি-জ্বর থেকে সুরক্ষায় পাঁচ করণীয়

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৭:১৬

ছবি : সংগৃহীত

শীত এলেই বাড়তে থাকে সর্দি, কাশি ও জ্বরের প্রকোপ। পরিবারের একজন আক্রান্ত হলে দ্রুত অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে শীতকালীন ভাইরাসজনিত অসুস্থতা নিয়ে উদ্বেগ থাকে অভিভাবকদের। এ সময় স্কুলে যাওয়া, কর্মস্থলে উপস্থিতি কিংবা পরিবারের সদস্যদের নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও ভেস্তে যেতে পারে। তবে কিছু স্বাস্থ্যবিধি মেনে চললে শীতকালীন সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব।

 

সর্দি ও ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু—দুটিই শ্বাসতন্ত্রের ভাইরাসজনিত সংক্রমণ। তবে এগুলোর জন্য দায়ী ভাইরাস আলাদা। সাধারণ সর্দিতে নাক দিয়ে পানি পড়া, হাঁচি ও গলাব্যথার মতো উপসর্গ ধীরে ধীরে দেখা দেয়। অন্যদিকে ফ্লুর লক্ষণ দ্রুত প্রকাশ পায়। এর সঙ্গে জ্বর, শরীরব্যথা ও অতিরিক্ত ক্লান্তি থাকতে পারে।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে শীতকালে শিশু ও পরিবারের সদস্যদের সুস্থ রাখতে কয়েকটি পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) চিকিৎসক অ্যাবি ব্রুকস। তিনি ইয়র্কের প্রিয়রি মেডিকেল গ্রুপের চিকিৎসক।

১. নিয়মিত ও ভালোভাবে হাত ধোয়া

সর্দি-কাশির জীবাণু আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। হাত ও বিভিন্ন পৃষ্ঠে এসব জীবাণু ২৪ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই নিয়মিত হাত ধোয়া জরুরি। বিশেষ করে নাক ঝাড়া, হাঁচি বা কাশির পর সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। আঙুলের ফাঁক, হাতের পেছনের অংশ ও তালু ভালোভাবে ঘষে ধুতে হবে।

২. সঙ্গে রাখুন টিস্যু

হাঁচি বা কাশির সময় নাক ও মুখ টিস্যু দিয়ে ঢেকে রাখতে হবে। ব্যবহারের পর টিস্যু নির্দিষ্ট স্থানে ফেলে হাত পরিষ্কার করতে হবে। টিস্যু না থাকলে হাতের তালুর পরিবর্তে কনুইয়ের ভাঁজে হাঁচি-কাশি দেওয়া উচিত। এতে জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে।

৩. খাবারে নিশ্চিত করুন ভিটামিন ও খনিজ

শরীরের রোগ প্রতিরোধক্ষমতা ঠিক রাখতে ভিটামিন ও খনিজের প্রয়োজন। তাই শিশুদের প্রতিদিনের খাবারে পুষ্টিকর খাবার রাখতে হবে। চিকিৎসক ব্রুকসের মতে, খাবারের মাধ্যমেই প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ গ্রহণ সবচেয়ে ভালো। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে মাল্টিভিটামিন নেওয়া যেতে পারে। পাশাপাশি শিশুদের পর্যাপ্ত পানি পান নিশ্চিত করতে হবে।

৪. সুযোগ পেলেই বাইরে সময় কাটান

শীতের সময় ঘরের ভেতরে থাকতে ভালো লাগলেও আবহাওয়া অনুকূলে থাকলে কিছু সময় বাইরে কাটানো উপকারী। ঘরের জানালা খুলে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থাও করতে হবে। এতে ঘরের বায়ু চলাচল বাড়ে এবং বদ্ধ পরিবেশে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কমাতে সহায়তা করে।

৫. ফ্লুর টিকা নিতে ভুলবেন না

ফ্লু থেকে সুরক্ষায় শিশুদের টিকা গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যে প্রতি বছর শরৎ কিংবা শীতের শুরুতে এনএইচএসের মাধ্যমে শিশুদের ফ্লুর টিকা দেওয়া হয়। দুই থেকে তিন বছর বয়সি শিশু, স্কুলপড়ুয়া শিশু এবং দীর্ঘমেয়াদি কিছু স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত শিশুদের এ টিকা দেওয়ার সুপারিশ করা হয়। সাধারণত ছোট শিশুদের চিকিৎসকের মাধ্যমে এবং স্কুলপড়ুয়াদের শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা দেওয়া হয়।

চিকিৎসক ব্রুকস বলেন, শিশুরা ফ্লুতে গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে। আবার হালকা উপসর্গ থাকলেও তাদের মাধ্যমে পরিবারের বয়স্ক ও ঝুঁকিপূর্ণ সদস্যদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। তাই শিশুদের ফ্লুর টিকা নেওয়ার পরামর্শ দেন তিনি।

সূত্র:যুগান্তর.কম

সু.খবর ডেস্ক

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার