প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৮:৪৩
ব্যবস্থা নেওয়ার দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি
সংগৃহীত
নিম্নমান ও মেয়াদোত্তীর্ণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় গত ৬ মাসে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য, প্রাথমিক ও গণশিক্ষা এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে এই স্মারকলিপি দেয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন একটিভ ইয়ুথ একশন ফর সাসটেইনেবল বাংলাদেশ (আয়াস)-এর একটি প্রতিনিধি দল। তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমানের হাতে এই স্মারকলিপি তুলে দেন।
আয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ওয়ালিদ হাসান জানান, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলায় গাক নামের একটি এনজিও’র সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ায় কয়েকটি ঘটনা ঘটেছে। এনিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। তারা চান ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এমনকি স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট এনজিওকে কঠোর আইনের আওতায় আনা হোক। বিষয়টি খতিয়ে দেখতে তিনটি মন্ত্রণালয় বরাবর তারা স্মারকলিপি দিয়েছেন।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন আয়াসের পরিচালক জাহিদ হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর শিমলা খানম খুশি, রামিসা ওয়াজিহা, সদস্য ইসরাক কবির তূর্য, আইরিন খাতুন, শুসমিতা খানম ঐশীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
এর আগে বিভিন্ন সময়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়লে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। এসব তদন্ত কমিটির প্রতিবেদনে জেলার স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহকারী গাক এনজিও-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়।
সূত্র: যুগান্তর.কম
জাতীয় থেকে আরো পড়ুন