প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৮:৪৭
ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। কারণ, ভারত তার প্রশ্রয়, আনন্দ ও নিরাপত্তার জায়গা। শেখ হাসিনা নিজের দেশকে নিরাপদ মনে করেন না।
মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়ছার রহমান চৌধুরী মিলনায়তনে রামেক শাখা ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখনই বিপন্ন হয়েছে, তখনই ৭ নভেম্বরের চেতনা মানুষকে ঐক্যবদ্ধ করেছে। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনেও এ চেতনা প্রেরণা জুগিয়েছে। আধিপত্যবাদ ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে মানুষ বারবার রাজপথে নেমেছে।
তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের সুরক্ষা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোর চেতনা। যখনই দেশ বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তখনই স্বাধীনতাকামী মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সিপাহি-জনতা একসঙ্গে রাজপথে নেমে দেশের স্বাধীনতা সুরক্ষিত করেছে।
১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময়ের সমালোচনা করে রিজভী বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও ওই সময়ে মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত ছিল না। একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের কথা বলার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার সংকুচিত করা হয়েছিল। সংবাদমাধ্যমের কণ্ঠও রুদ্ধ করা হয়েছিল।
রিজভীর অভিযোগ, ওই সময়ে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে এবং রাজনৈতিক ভিন্নমত দমনে দমন-পীড়ন চালানো হয়েছে। একপর্যায়ে দেশ ভয়াবহ রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়ে। এমন পরিস্থিতিতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থান ঘটে।
রিজভী বলেন, ৭ নভেম্বরের চেতনা পরবর্তী সময়েও গণতন্ত্রের আন্দোলনে শক্তি জুগিয়েছে। ১৯৯০ সালে ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনে স্বৈরশাসনের পতন ঘটে। একইভাবে শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ ১৭ বছরের আন্দোলনেও এ চেতনা মানুষকে অনুপ্রাণিত করেছে।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতিপুতি’ বলে অপমান করা হয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা সেই অপমান মেনে নেয়নি। তারা আরও শক্তভাবে রাজপথে নেমে আসে। শেষ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।
তিনি বলেন, একটি দেশের প্রধানমন্ত্রী যখন শিক্ষার্থীদের এভাবে অপমান করেন, তখন তা শুধু শিক্ষার্থীদের নয়, পুরো শিক্ষাব্যবস্থার জন্যও অসম্মানজনক। ছাত্রসমাজ সেই অপমানকে নিজেদের অপমান হিসেবে নিয়েছিল।
রিজভী আরও বলেন, বাংলাদেশ কোনো একনায়কতন্ত্রের দেশ নয়। এখানে মানুষ স্বাধীনভাবে কথা বলবে, নিজের চিন্তা প্রকাশ করবে এবং গণতান্ত্রিক পরিবেশে বসবাস করবে। কোনো একক ব্যক্তি বা দলের ইচ্ছায় দেশ চলতে পারে না।
ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ নীতি নির্ধারণের অধিকার এ দেশের মানুষের। অন্য কোনো দেশ বাংলাদেশকে নির্দেশ দেবে আর সেই অনুযায়ী দেশ চলবে- এমনটি হতে পারে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
রাজশাহী মেডিকেল কলেজের সঙ্গে নিজের দীর্ঘদিনের স্মৃতির কথা তুলে ধরে রিজভী বলেন, আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলে তারা রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রাবাসে অবস্থান করতেন। সেখান থেকেই হরতাল-অবরোধসহ বিভিন্ন আন্দোলন পরিচালনা করতেন। রাজশাহী মেডিকেল কলেজ ছিল তাদের আন্দোলনের নিরাপদ আশ্রয়স্থল।
তিনি বলেন, এরশাদবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানকার চিকিৎসকদের আন্তরিকতায় তিনি নতুন জীবন ফিরে পেয়েছেন। এ কারণে প্রতিষ্ঠানটির সঙ্গে তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের গভীর সম্পর্ক রয়েছে।
ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সময়ের কথা স্মরণ করে রিজভী বলেন, ১৯৭৯ সালে সংগঠনটির যাত্রা শুরুর পর রাজশাহী মেডিকেল কলেজ ছিল প্রথম দিকের বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি। ওই বছর ছাত্রদল ভিপি পদ ছাড়া জিএসসহ অধিকাংশ পদে জয়লাভ করে। চিকিৎসক সেলিম ছিলেন সংগঠনটির প্রথম সাধারণ সম্পাদক।
রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রিমন আলী। প্রধান বক্তা ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ও রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ড্যাবের সহসভাপতি ডা. মোফাখখারুল ইসলাম এবং রামেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু।
এ ছাড়া বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিন রায়হান রবিন প্রমুখ।
সূত্র: সমকাল.কম
জাতীয় থেকে আরো পড়ুন