বিশ্ববাজারে চালের দাম চ'ড়া, কমছে পাম তেলের

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১০:৫৩

সংগৃহীত ছবি

বিশ্ববাজারে চাল ও পাম তেলের দামে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। আফ্রিকার দেশগুলোতে চাহিদা বাড়ায় ভারতের চালের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। থাইল্যান্ডের চালের দামও প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে, দুর্বল চাহিদা ও সয়াবিন তেলের দাম কমে যাওয়ায় মালয়েশিয়ার পাম তেলের দাম টানা কয়েক দিন ধরে কমেছে.।

 

 

বার্তা সংস্থা রয়টার্সের ১৯ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ভারতের ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চালের রপ্তানিমূল্য বেড়ে প্রতি টন ৩৯৪ থেকে ৩৯৮ ডলারে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে এ দাম ছিল ৩৮৫ থেকে ৩৯০ ডলার। দেশটির চালের দাম বেড়েছে মূলত আফ্রিকার ক্রেতাদের চাহিদা, ধানের উচ্চমূল্য এবং রুপির শক্তিশালী অবস্থানের কারণে।

 

 

একই সময়ে থাইল্যান্ডের ৫ শতাংশ ভাঙা চালের দাম বেড়ে প্রতি টন ৫০৫ থেকে ৫১০ ডলারে পৌঁছেছে। ২০২৪ সালের ডিসেম্বরের পর এটিই দেশটির চালের সর্বোচ্চ দাম। ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার ক্রেতাদের বাড়তি কেনাকাটা এবং আবহাওয়া নিয়ে উদ্বেগ দাম বাড়াতে ভূমিকা রেখেছে।

 

 

তবে ভিয়েতনামের চালের দাম কমেছে। দেশটির ৫ শতাংশ ভাঙা চালের দাম প্রতি টন ৪৭৫ থেকে ৪৮৫ ডলারে নেমেছে। আগের সপ্তাহে এ দাম ছিল ৪৯০ থেকে ৪৯৫ ডলার। বেশি দামের কারণে ক্রেতাদের আগ্রহ কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

 

 

অন্যদিকে, মালয়েশিয়ার পাম তেলের বাজারে দরপতন অব্যাহত রয়েছে। রয়টার্সের ২২ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০ নভেম্বর মালয়েশিয়ার বুরসা ডেরিভেটিভস এক্সচেঞ্জে ফেব্রুয়ারি সরবরাহের পাম তেলের চুক্তিমূল্য প্রতি টনে ১১৬ রিঙ্গিত বা ২ দশমিক ৬৮ শতাংশ কমে ৪ হাজার ২১৭ রিঙ্গিতে নেমেছে। ওই সপ্তাহে দাম কমেছে ৫ দশমিক ৪৯ শতাংশ। গত ৫ মার্চের পর এটিই ছিল চুক্তিটির সর্বনিম্ন সমাপনী দর।

 

 

সয়াবিন তেলের দাম কমে যাওয়ায় পাম তেলের ওপরও চাপ তৈরি হয়েছে। কারণ, বিশ্ববাজারে পাম ও সয়াবিন তেল একে অপরের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। ফলে একটি তেলের দাম কমলে অন্যটির চাহিদা ও দামেও প্রভাব পড়তে পারে। পাশাপাশি পাম তেলের মজুত বেশি থাকা এবং প্রধান আমদানিকারক দেশগুলোর চাহিদা দুর্বল হওয়ার আশঙ্কাও দাম কমার পেছনে কাজ করছে।

সূত্র:কালবেলা .কম
 এসএ

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার