ভারতে স্বর্ণের দাম কমল ৩২ হাজার রুপি, দেশবাসীকে কৃতিত্ব দিলেন মোদি

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১৩:৪০

সংগৃহীত

শনিবার এক অনুষ্ঠানে মোদি বলেছেন, গত মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন; দেশবাসী তাঁর সেই আহ্বানে সাড়া দিয়েছিলেন, যার ফলে এই মূল্যবান ধাতুর দাম কমেছে।

 

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, এখন অনেকেই তাকে বলছেন যে তার পরামর্শ মেনে চলায় তাদের অর্থ সাশ্রয় হয়েছে।

 

গতকাল ২১ নভেম্বর (শনিবার) ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ের গোমতি নগরে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি। সেখানে ভাষণ দেওয়ার সময় তিনি জানান, বর্তমানে ভারতের বাজারে প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে ১২ হাজার ৫২৩ রুপিতে। মে মাসে তিনি আহ্বান জানানোর সময় এই দাম ছিল ১৫ হাজার ২৫০ রুপি। অর্থাৎ গত ৬ মাসে ভারতে গ্রামপ্রতি স্বর্ণের দাম কমেছে ২ হাজার ৭২৭ রুপি।

 

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বাজারে স্বর্ণ ক্রয়-বিক্রয় হয় ভরি’র হিসেবে। ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণকে এক ভরি হিসেবে ধরা হয়। প্রতি গ্রাম ১৫ হাজার ২৫০ রুপির হিসেবে গত মে মাসে ভারতে এক ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭৭ হাজার ৮৭৬ রুপি। বর্তমানে প্রতি গ্রাম ১২ হাজার ৫২৩ রুপির হিসেবে প্রতি ভরি স্বর্ণের দাম নেমেছে ১ লাখ ৪৬ হাজার ৬৮ রুপি; অর্থাৎ গত প্রায় ৬ মাসে ভারতে স্বর্ণের দাম  প্রতি ভরিতে কমেছে ৩১ হাজার ৮০৮ রুপি।

 

শনিবারের ভাষণে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম যে, যদি খুব প্রয়োজন না থাকে, তবে অন্তত এক বছর সোনা কিনবেন না।”

 

নিজের এই আহ্বানকে ১৯৬৫ সালে তীব্র খাদ্য সংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর দেওয়া 'এক বেলা খাবার ত্যাগ করার' আহ্বানের সঙ্গে তুলনা করে নরেন্দ্র মোদি বলেন, “প্রধানমন্ত্রী বলেন, “সেদিনও দেশবাসী তার (শাস্ত্রীর) আহ্বানে সাড়া দিয়েছিল। আমার দেশের সেই চরিত্র আজও অটুট রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষ যখন সোনা কম কেনার অনুরোধ করলেন, তখন দেশবাসী তা মেনে চলল—ফলে সোনার দাম কমে গেল। আজ মানুষ আমাকে বলছে, ‘মোদিজি, আপনি বলেছিলেন, আমরা আপনার পরামর্শ শুনেছি, আর তাতে আমাদের অর্থ বেঁচে গেছে’।”

মে মাসের সেই আহ্বান

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের ওপর যখন চাপ তৈরি হয়েছিল, ঠিক সেই সময়েই প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন।

 

গত ৯ মে দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রের রাজধানী হায়দরাবাদে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, “স্বর্ণ কেনার ক্ষেত্রেও প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। জাতীয় স্বার্থে আমাদের সংকল্প নেওয়া উচিত যে, অন্তত এক বছর আমরা সোনা কিনব না।”

 

ওই জনসভায় নাগরিকদের উদ্দেশে স্বর্ণ ক্রয় থেকে বিরত থাকার পাশাপাশি তাঁর সাতটি আহ্বানের মধ্যে তিনি নাগরিকদের জ্বালানির ব্যবহার সীমিত করা, পুনরায় বাড়ি থেকে কাজ করার (ওয়ার্ক ফ্রম হোম) ব্যবস্থা চালু করা এবং বিদেশ ভ্রমণ কমানোর অনুরোধও জানিয়েছিলেন মোদি।

 

পরে সেপ্টেম্বরে অনুরূপ আরেকটি আহ্বানে তিনি মানুষকে প্রয়োজন ছাড়া সোনা কেনা থেকে বিরত থাকার পরামর্শ দেন।

 

প্রধানমন্ত্রী মোদির এ  আহ্বানের পর সোনার চাহিদা সত্যিই কমে যায়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সময়ে আনুষ্ঠানিকভাবে সোনা আমদানি প্রায় ৪০ শতাংশ হ্রাস পেয়েছে ভারতে। এই ৬ মাসে দেশটিতে ২৪.৭৮ বিলিয়ন ডলার মূল্যের সোনা আমদানি হয়েছে, যেখানে আগের বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৪১.২৪ বিলিয়ন ডলার।

 

গত মে মাসে সরকার সোনা ও রুপার ওপর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করেছিল। প্রধানমন্ত্রীর আহ্বানের ঠিক পরের দিনই গয়না ব্যবসার শেয়ারের দরে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে।

 

এমনকি স্বর্ণের আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ভারতে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে স্বর্ণের চাহিদা কমে ১৬২ টনে নেমে এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ কম। এছাড়া গয়নার চাহিদাও ২০ শতাংশ কমে প্রায় ১০০ টনে দাঁড়িয়েছে।


সূত্র: ঢাকা পোস্ট.কম

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার