বিশ্ববাজারে কফির দাম তিন বছরের মধ্যে সর্বনিম্ন

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১১:০৬

সংগৃহীত ছবি

বিশ্ববাজারে কফির দাম তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বিশেষ করে রোবাস্তা কফির দাম কমেছে উল্লেখযোগ্য হারে। বিশ্বের শীর্ষ উৎপাদক দেশ ভিয়েতনামে নতুন মৌসুমের কফি বাজারে আসতে শুরু করায় সরবরাহ বাড়ছে। এতে আন্তর্জাতিক বাজারে দাম কমছে।

 

 

রোববার (২২ নভেম্বর) প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার লন্ডনের ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) রোবাস্তা কফির ভবিষ্যৎ সরবরাহের চুক্তিমূল্য একপর্যায়ে প্রতি টনে ২ হাজার ৮৫৪ ডলারে নেমে আসে। এটি প্রায় তিন বছরের মধ্যে সর্বনিম্ন। পরে দাম কিছুটা বেড়ে প্রতি টন ২ হাজার ৮৭৯ ডলারে দাঁড়ায়। সেদিনও আগের দিনের তুলনায় দাম কমেছিল ৩ দশমিক ৩ শতাংশ।

 

 

সপ্তাহজুড়ে রোবাস্তা কফির দাম প্রায় ১০ শতাংশ কমার পথে ছিল। ভিয়েতনামে নতুন মৌসুমের ফসল সংগ্রহ ও বাজারজাত শুরু হওয়ায় সরবরাহ বাড়ছে। দেশটি বিশ্বের সবচেয়ে বড় রোবাস্তা কফি উৎপাদক ও রপ্তানিকারক।

 


বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভিয়েতনামে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরুর দিকে কফি সংগ্রহের গতি আরও বাড়বে। নতুন ফসল বাজারে আসায় সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক হতে পারে। এতে দাম কমার চাপ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

 


এদিকে ব্রাজিলের মুদ্রা রিয়ালের দরপতনও কফির বাজারে প্রভাব ফেলেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রোবাস্তা উৎপাদক দেশ ব্রাজিলে মুদ্রার মূল্য কমে যাওয়ায় রপ্তানিকারকদের জন্য আন্তর্জাতিক বাজারে কফি বিক্রি তুলনামূলক লাভজনক হয়েছে। ফলে সেখান থেকেও রপ্তানির চাপ বাড়ছে।

 

 

তবে সব ধরনের কফির দাম একই হারে কমেনি। রোবাস্তার বিপরীতে অ্যারাবিকা কফির দামও শুক্রবার ২ শতাংশ কমে প্রতি পাউন্ড ২ দশমিক ৭০৮০ ডলারে দাঁড়ায়। তবে অ্যারাবিকার মজুত কম থাকায় বাজারে এর দামের ওপর এখনো কিছুটা সমর্থন রয়েছে।

 

 

কফির পাশাপাশি চিনির দামও কমেছে। শুক্রবার অপরিশোধিত চিনির দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি পাউন্ড ১৬ দশমিক ৯০ সেন্টে নেমে আসে। এটি তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়। ব্রাজিলে আগামী মৌসুমে চিনির উৎপাদন বাড়ার সম্ভাবনা এবং ভারতের শুল্কমুক্ত অপরিশোধিত চিনি আমদানি কর্মসূচিতে কম আগ্রহের কারণে বাজারে দরপতনের চাপ তৈরি হয়েছে।

 

 

বিশ্ববাজারে কফির দাম কমায় আমদানিকারক ও কফি ব্যবসায়ীদের জন্য স্বস্তির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমলেই খুচরা পর্যায়ে কফির দাম সঙ্গে সঙ্গে কমবে না। কারণ আমদানিকারক ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সাধারণত কয়েক মাস আগেই কফি কেনার চুক্তি করে থাকে।

সূত্র:কালবেলা .কম
 এসএ

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার