প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১০:৫৪
সংগৃহীত ছবি
ক্যানসার ও কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে চিরবিদায় নিলেন দেশের টেলিভিশন নাটক ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ মাতিয়া বানু শুকু। ৫৬ বছর বয়সী এই নাট্যকার, নির্মাতা ও প্রযোজকের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন মাতিয়া বানু শুকু। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং পরে প্যালিয়েটিভ কেয়ারে নেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৫২-এর মহান ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক 'ভাষা মতিন' খ্যাত আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা ছিলেন মাতিয়া বানু শুকু। ব্যক্তিগত জীবনে তিনি বরেণ্য চলচ্চিত্র নির্মাতা নূরুল আলম আতিকের সহধর্মিণী। সমৃদ্ধ এই পারিবারিক আবহ তাকে শিল্প, সাহিত্য ও সমাজের প্রতি দায়বদ্ধ হতে অনুপ্রাণিত করেছিল।
নব্বইয়ের দশকের শেষ ভাগে টেলিভিশন নাটকের চিত্রনাট্য রচনা ও পরিচালনার মাধ্যমে সৃজনশীল যাত্রা শুরু করেন তিনি। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের যাপিত জীবন, সম্পর্কের টানাপোড়েন এবং সমাজের অসংগতিগুলো সংবেদনশীলভাবে তুলে ধরেছেন। প্রচারের আলোর চেয়ে তিনি সবসময় কাজকেই বেশি প্রাধান্য দিতেন।
তার রচিত ও পরিচালিত দর্শকপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’, ‘টু-লেট’ এবং ‘একটা কিনলে আরেকটা ফ্রি’।
নাটকের গণ্ডি পেরিয়ে চলচ্চিত্র প্রযোজনাতেও দক্ষতার ছাপ রাখেন মাতিয়া বানু শুকু। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত নূরুল আলম আতিক পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’ প্রযোজনা করেন তিনি। সিনেমাটি দর্শক ও সমালোচক মহলে প্রশংসিত হয় এবং তাকে শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয়। নিজস্ব নির্মাণশৈলী ও গল্প বলার ভঙ্গির মাধ্যমেই দর্শকদের হৃদয়ে বেঁচে থাকবেন এই গুণী নির্মাতা।
সূত্র: কালবেলা .কম
এমডি
সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন