লাইফ সাপোর্ট, কেমোথেরাপি পেরিয়ে তানিয়া বৃষ্টির নাটকে ফেরা, কেমন ছিল নয় মাস

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১১:৪৩

সংগৃহীত ছবি

অভিনেত্রী তানিয়া বৃষ্টির গত ৯ মাসের গল্পটা অন্য রকম। অসুস্থতা তাঁর জীবন পুরোপুরি বদলে দেয়। এত দিন যিনি ছিলেন ক্যামেরার সামনে, তিনি খবর হয়েছেন অসুস্থতার কারণে। যে সময়টা তাঁর কাটার কথা ছিল শুটিং সেটে, ক্যামেরার সামনে কিংবা নতুন কোনো চরিত্রের প্রস্তুতিতে, সেই সময় তাঁকে কাটাতে হয়েছে হাসপাতাল, চিকিৎসা আর সুস্থ হয়ে ওঠার অপেক্ষায়।

 

 

মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অভিনয় থেকে দূরে সরে যেতে হয়েছিল ছোট পর্দার এই অভিনেত্রীকে। শুরু হয়েছিল কঠিন এক লড়াই। অস্ত্রোপচার, দেশের বাইরে চিকিৎসা, আবার অস্ত্রোপচার, কেমোথেরাপি—একটির পর একটি ধাপ পেরোতে হয়েছে তাঁকে। শারীরিক যন্ত্রণার পাশাপাশি ছিল অনিশ্চয়তা, কবে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, কবে দাঁড়াতে পারবেন ক্যামেরার সামনে—এমন অনেক প্রশ্ন।

 

 

অবশেষে দীর্ঘ ৯ মাসের বিরতি ভেঙে গত ২৬ অক্টোবর শুটিংয়ে ফিরেছেন তানিয়া বৃষ্টি। ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মাধ্যমে আবারও দেখা গেছে তাঁকে অভিনয়ের চেনা জগতে।

 


শুটিং সেটে মাথাব্যথা, তারপর জীবনের সবচেয়ে বড় ধাক্কা


তানিয়া বৃষ্টির অসুস্থতার শুরুটা হয়েছিল শুটিং সেটেই। ২০২৫ সালের ডিসেম্বরের দিকে কয়েক দিন ধরে প্রচণ্ড মাথাব্যথায় ভুগছিলেন তিনি। মাথাব্যথা নিয়েই কাজ চালিয়ে যাচ্ছিলেন। একদিন শুটিংয়ের সময় বমি হলে তাঁকে হাসপাতালে নিতে হয়। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, মস্তিষ্কে টিউমার হয়েছে।

 

 

চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। খবরটি শোনার পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। কারণ, অভিনয়জীবনে তখন বেশ ব্যস্ত সময় পার করছিলেন তিনি। একের পর এক নাটকে অভিনয়, নতুন কাজের পরিকল্পনা—সবকিছুই চলছিল নিজের ছন্দে। কিন্তু একটি চিকিৎসা-পরীক্ষার ফল মুহূর্তেই বদলে দেয় তাঁর জীবনের গতিপথ।

 

 

২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে প্রথম অস্ত্রোপচার হয় তানিয়ার। অস্ত্রোপচার সফল হলেও পুরোপুরি বিপদমুক্ত ছিলেন না তিনি। অস্ত্রোপচারের পর তাঁকে লাইফ সাপোর্ট ও নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) থাকতে হয়। পরে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও শারীরিক জটিলতা দেখা দেয়।

 

 

৪ মার্চ ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন তানিয়া। তাঁর সেই লাইভ দেখে স্বস্তি পেয়েছিলেন ভক্তরা। কারণ, এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়েছিল। এমনকি মৃত্যুর খবরও প্রচার করা হয়েছিল। পরে অভিনেত্রী নিজেই জানান, এসব খবর তাঁকে ও তাঁর পরিবারকে বিব্রত করেছে।

 


চেন্নাইয়ে দ্বিতীয় অস্ত্রোপচার, আবারও অনিশ্চয়তা


ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পরও চিকিৎসা শেষ হয়নি। উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তানিয়া। সেখানে এমজিএম হাসপাতালে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়। কিন্তু এই অস্ত্রোপচারের পর পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। কয়েক দিন তাঁকে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকতে হয়েছিল।

 

 

তানিয়া নিজের ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।’ ছোট্ট এই বাক্যেই যেন ধরা পড়েছিল তাঁর জীবনের সেই সময়ের ভয়াবহতা।

 

 

চেন্নাইয়ে চিকিৎসাধীন থাকার সময় অভিনেত্রী চয়নিকা চৌধুরী তাঁর সঙ্গে দেখা করেছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ও শুভকামনার কথা জানান তিনি। ২১ মার্চ তানিয়াকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। পরদিন হাসপাতাল থেকে ছাড়পত্র পান অভিনেত্রী। কিন্তু তখনো সুস্থ জীবনে ফেরার পথ অনেক বাকি।

 

 

এরপর এপ্রিলের শুরুতে আবারও চেন্নাই যেতে হয় তাঁকে। চিকিৎসকদের পরামর্শে তৃতীয়বারের মতো অস্ত্রোপচার হয়। একের পর এক অস্ত্রোপচার, হাসপাতালের দীর্ঘ দিন আর চিকিৎসার ধকল—সব মিলিয়ে শারীরিক ও মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে।

 


চিকিৎসকের কথায় ভেঙে পড়েছিলেন


অসুস্থতার এ সময়ের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতাগুলোর একটি ছিল চিকিৎসকের কাছ থেকে পাওয়া একটি কথা। ৩ নভেম্বর আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তানিয়া জানান, চেন্নাইয়ে দ্বিতীয় অস্ত্রোপচারের আগে হাসপাতালের একজন অনকোলজিস্ট তাঁর রিপোর্ট দেখে বলেছিলেন, তিনি হয়তো আর চার-পাঁচ বছর বাঁচবেন।

 


কথাটি শুনে পাগলের মতো কেঁদেছিলেন অভিনেত্রী। জীবনে এত বড় ধাক্কা আগে কখনো খাননি বলে জানান তিনি।

 

তানিয়ার অসুস্থতা যে কেবল অস্ত্রোপচারে শেষ হয়নি, সেটিও উঠে এসেছে তাঁর কথায়। তাঁর চিকিৎসার অংশ হিসেবে চলেছে রেডিওথেরাপি ও কেমোথেরাপি। অস্ত্রোপচারের পর ঘুমের সমস্যা, দুর্বলতা, মাথা ঘোরা ও বমির মতো নানা শারীরিক জটিলতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে।

 

 

আরও একটি কঠিন বাস্তবতার কথা জানিয়েছেন অভিনেত্রী। তিনি গ্লিওব্লাস্টোমায় আক্রান্ত। চিকিৎসকদের পর্যবেক্ষণ ও পরীক্ষার ওপর নির্ভর করছে পরবর্তী চিকিৎসা। তাঁর ভাষ্য অনুযায়ী, এই রোগের স্থায়ী নিরাময় নেই; আবার টিউমার বাড়ার আশঙ্কাও রয়েছে। তাই এখনো চিকিৎসার মধ্যেই থাকতে হচ্ছে তাঁকে।

 

 

পরিবার ছিল সবচেয়ে বড় শক্তি


অসুস্থতার পুরো সময়টায় তানিয়ার পাশে ছিলেন মা ও বোন। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, কঠিন মুহূর্তগুলোতে তাঁরা তাঁকে শক্ত করে ধরে রেখেছেন। হাসপাতালের বিছানায় কিংবা চিকিৎসার দীর্ঘ দিনগুলোতে পরিবারের এই উপস্থিতি তাঁকে মানসিকভাবে সাহস জুগিয়েছে।

 


পাশাপাশি সহকর্মী ও ভক্তদের ভালোবাসাও পেয়েছেন তিনি। বিনোদন অঙ্গনের অনেকেই নিয়মিত তাঁর খোঁজখবর নিয়েছেন। কেউ হাসপাতালে দেখতে গেছেন, কেউ ফোন করে সাহস দিয়েছেন, কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে আরোগ্য কামনা করেছেন।

 

 

দীর্ঘদিন শুটিং থেকে দূরে থাকায় অভিনয়জগতের মানুষদেরও খুব মিস করেছেন তানিয়া। প্রথম আলোর সঙ্গে এক আলাপে তিনি জানিয়েছিলেন, অভিনয়শিল্পী, সহশিল্পী ও কলাকুশলীরা তাঁর কাছে পরিবারের মতো। তাঁদের ভালোবাসা ও ফিরে আসার অপেক্ষার কথা তাঁকে মানসিক শক্তি জুগিয়েছে।

 

 

চিকিৎসার সময় বেশির ভাগ দিন বাসাতেই কাটাতে হয়েছে। বাইরে যাওয়া ছিল সীমিত। ছয়টি পোষা বিড়ালও হয়ে উঠেছিল তাঁর সময় কাটানোর সঙ্গী। তাদের সঙ্গে সময় কাটালে নিজেকে অনেকটা ভালো অনুভব করতেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী।

 

 

কেমোথেরাপির মধ্যেই ফেরার প্রস্তুতি


চিকিৎসার ধকল কাটিয়ে ধীরে ধীরে যখন শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে, তখন আবার অভিনয়ে ফেরার স্বপ্ন দেখতে থাকেন তানিয়া। অক্টোবরের শুরুতে ফেসবুক লাইভে এসে ভক্তদের জানান, আগের তুলনায় অনেক ভালো আছেন। ছয় মাসের কেমোথেরাপির মধ্যে তখন চার মাসের বেশি সময়ের চিকিৎসা শেষ হয়েছে।

 


তবে চিকিৎসা তখনো চলছিল। কেমোথেরাপি শেষ হওয়ার পর এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা করানোর কথা ছিল। সেসব পরীক্ষার ফল দেখেই পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা।

 

 

এ সময়েই ভক্তদের কাছ থেকে জানতে চেয়েছিলেন, তাঁরা তাঁকে আবার অভিনয়ে দেখতে চান কি না। তানিয়ার ভাষায়, তাঁর নিজেরও অভিনয়ে ফেরার ইচ্ছা ছিল। ভক্তদের ভালোবাসা ও উৎসাহ সেই ইচ্ছাকে আরও জোরালো করে।

 

 

অক্টোবরেই শুটিংয়ে ফেরার পরিকল্পনা করেন তিনি। তবে চিকিৎসকদের অনুমতি পাওয়া সহজ ছিল না। কারণ, শারীরিকভাবে তখনো শতভাগ সুস্থ হয়ে ওঠেননি। চিকিৎসকেরা প্রথমে তাঁকে শুটিং না করার পরামর্শ দিয়েছিলেন। শেষ পর্যন্ত অনেক অনুরোধ করে একটি নাটকে কাজ করার অনুমতি পান।

 

 

‘অংশীদার’ দিয়ে প্রত্যাবর্তন


২৬ অক্টোবর ক্যামেরার সামনে দাঁড়ান তানিয়া বৃষ্টি। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মাধ্যমে অভিনয়ে ফেরেন তিনি। ৯ মাস পর শুটিং সেটে ফিরে তাঁর অনুভূতি ছিল অন্য রকম।

 

 

তানিয়া বলেন, ২০১৩ সালে প্রথম অভিনয় শুরু করার দিন যেমন অনুভূতি হয়েছিল, এত দিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েও অনেকটা তেমনই লাগছিল। শুটিং ইউনিটের সবাই তাঁর প্রতি যত্নশীল ছিলেন। বারবার খোঁজ নিয়েছেন, তিনি ঠিক আছেন কি না।
‘অংশীদার’ নাটকে প্রতিবাদী এক বড় বোনের চরিত্রে অভিনয় করেছেন তানিয়া। বাবার মৃত্যুর পর দুই বোনের মধ্যে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে শুরু হয় টানাপোড়েন। চাচা ও তাঁর পরিবারের অন্যায় আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বড় বোন। পারিবারিক সম্পর্ক, নারীর সম্পত্তির অধিকার ও আত্মমর্যাদার বিষয়গুলো উঠে এসেছে নাটকের গল্পে।

 

 

এতে তানিয়ার সঙ্গে অভিনয় করেছেন জ্যেষ্ঠ অভিনেতা ফজলুর রহমান বাবু ও ডলি জহুর। কাজী সাইফুল ইসলামের প্রযোজনায় নাটকটি নির্মিত হয়েছে। কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তির পর দর্শকদের কাছ থেকেও ভালো সাড়া পেয়েছে নাটকটি।

 

 

নাটকটির পরিচালক ইকসান রনিও তানিয়ার প্রত্যাবর্তনে খুশি। তাঁর ভাষ্য, আগে থেকেই তানিয়ার সঙ্গে কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থতার খবর পাওয়ার পর সেই পরিকল্পনা থেমে যায়। পরে আবার যোগাযোগ হলে গল্পটি পড়ে তানিয়া নিজেই কাজটি করতে আগ্রহ প্রকাশ করেন। শুটিংয়ের আগে দুদিন বসে প্রস্তুতিও নিয়েছেন। নির্মাতার চোখে, আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে তাঁকে।

 

 

এখনই নিয়মিত কাজে ফেরার পরিকল্পনা নেই


‘অংশীদার’ দিয়ে ফিরলেও এখনই নিয়মিত শুটিং করার পরিকল্পনা নেই তানিয়ার। কারণ, চিকিৎসা এখনো শেষ হয়নি। চিকিৎসকদের পরামর্শ মেনেই চলতে হচ্ছে তাঁকে। নতুন কোনো নাটকের শিডিউল দেওয়ার বিষয়েও নিশ্চিত নন তিনি।
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তানিয়া জানিয়েছেন, এই একটি নাটকে অভিনয়ের অনুমতি পেতেই চিকিৎসকদের অনেক অনুরোধ করতে হয়েছে। তাই বারবার তাঁদের কাছে অনুমতি চাইতে চান না। তবে কোনো গল্প যদি তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করে, ভবিষ্যতে কাজ করার কথা ভাববেন।

সূত্র: প্রথম আলো .কম
এসএ

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার