শিক্ষাবিদ ও নাট্যকার মুনীর চৌধুরীর ১০১তম জন্মদিন আজ

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১১:৫৩

সংগৃহীত ছবি

 প্রখ্যাত শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী ও নাট্যকার মুনীর চৌধুরীর ১০১তম জন্মদিন আজ। ১৯২৫ সালের এই দিনে মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তার পৈতৃক নিবাস নোয়াখালীর চাটখিলে।

 

 

মুনীর চৌধুরী ১৯৪৭ সালের ৬ ডিসেম্বর বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রথম ছাত্রসভায় বক্তব্য রাখেন। 

১৯৪৯ সালে তিনি খুলনা বিএল কলেজে একই সঙ্গে ইংরেজি ও বাংলা পড়াতেন। ওই বছর রাজনৈতিক তৎপরতার কারণে ঢাকায় গ্রেফতার হন তিনি। কারামুক্তির পর লিলি মীর্জাকে বিয়ে করেন মুনীর চৌধুরী। পরে ১৯৫০ সালে জগন্নাথ কলেজে যোগ দেওয়ার কিছুদিন পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান।

 

 

ভাষা আন্দোলনের উত্তাল সময়ে ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিবাদ সভা করতে গিয়ে গ্রেফতার ও চাকরিচ্যুত হন মুনীর চৌধুরী। প্রায় দুই বছর তাকে দিনাজপুর ও ঢাকার কারাগারে বন্দি থাকতে হয়। 

 

 

কারাবন্দি অবস্থাতেই ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে তিনি রচনা করেন কালজয়ী প্রতিবাদী নাটক ‘কবর’। জেলখানার ভেতরেই নাটকটির প্রথম মঞ্চায়ন হয় এবং এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সেখানকার কারাবন্দীরা। পরবর্তীতে ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তানে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় এলে তিনি কারাগার থেকে মুক্তি পান।

 

 

১৯৫৬ সালে রকফেলার বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে যান মুনীর চৌধুরী এবং ১৯৫৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে ডিগ্রি অর্জন করেন। ১৯৬৯ সালে মুহম্মদ আবদুল হাইয়ের মৃত্যুর পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭০ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি ভাষাতাত্ত্বিক সম্মেলনেও যোগ দেন তিনি।

 

 

১৯৭১ সালে অসহযোগ আন্দোলনের সময় পাকিস্তানের ‘সিতারা-ই-ইমতিয়াজ’ খেতাব বর্জন করেন এই কীর্তিমান শিক্ষাবিদ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি সামরিক বাহিনী তাকে তুলে নিয়ে যায় এবং বুদ্ধিজীবী হিসেবে হত্যা করা হয় তাকে।

 

 

ভাষা আন্দোলন কেন্দ্রিক নাটক ‘কবর’ ছাড়াও পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমিতে রচিত ‘রক্তাক্ত প্রান্তর’ তার অন্যতম উল্লেখযোগ্য সৃষ্টি। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বাংলা একাডেমি পুরস্কার ও স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়।

সূত্র:  বাসস .কম
এসএ

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার