‘অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ’

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১২:০০

সংগৃহীত ছবি

বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ। অতীতের বিষয়গুলো পেছনে ফেলে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ভালোবাসা ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরুর প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

 

 

শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) বরাতে ঢাকার পাকিস্তান হাইকমিশনের বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই) পরিদর্শন করে। সেখানে আয়োজিত এক মতবিনিময় সভায় দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে এসব কথা বলেন স্পিকার।

 

 

তিনি বলেন, পাকিস্তান সফর তার জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা। দেশটির নেতৃত্বের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তা প্রশংসনীয়।

 

স্পিকার বলেছেন, দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো জরুরি। লাহোর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের চেম্বারগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর এবং ব্যবসায়ী-ব্যবসায়ী (বিটুবি) বৈঠকের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।

 

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- এলসিসিআইয়ের সভাপতি আলী হুসাম আসগর। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয়, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

 

এ সময় বাংলাদেশের শিল্পোন্নয়ন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, ব্যবসায়িক সংস্কার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রশংসা করেন তিনি। বাংলাদেশের অভিজ্ঞতা থেকে পাকিস্তান উপকৃত হতে পারে বলেও মন্তব্য করেন এলসিসিআই সভাপতি।

 

 

চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সারদার উসমান ঘানি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের এ সফর দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতার নতুন সুযোগ অনুসন্ধানে সহায়ক হবে।

 

 

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এলসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট চৌধুরী খাদিম হোসেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।

 

 

বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলে আরও ছিলেন- পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি ও নাসের রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (এসএ-২) জাকারিয়া বিন আমজাদসহ অন্যরা।

 

 

এছাড়া অনুষ্ঠানে পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

 সূত্র: কালবেলা .কম
এসএ

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার