প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১০:৪৪

সংগৃহীত ছবি

মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েও শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখা হলো না ইন্টার মায়ামির। এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ ৮০ গোল করা দলটি প্লে-অফের প্রথম দুই ম্যাচে গোলের দেখা না পেয়ে বিদায় নিয়েছে। টানা দুই হারে শেষ হয়েছে লিওনেল মেসিদের দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন।

 

 

শুক্রবার রাতে ওহাইওর স্কটস মিরাকল-গ্রো ফিল্ডে এমএলএস কাপ প্লে-অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে কলম্বাস ক্রুর কাছে ১-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোলটি করেন উরুগুইয়ান মিডফিল্ডার সান্তিয়াগো রদ্রিগেস। তার গোলেই ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে কলম্বাস।

 

 

তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ জিতলেই পরের রাউন্ডে ওঠার নিয়ম। সিরিজের প্রথম ম্যাচে নিজেদের মাঠে কলম্বাসের কাছে ৩-০ গোলে হেরেছিল মায়ামি। ফলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না বর্তমান চ্যাম্পিয়নদের সামনে। কিন্তু এবারও গোল করতে ব্যর্থ হয় মেসির দল। দুই ম্যাচে চার গোল হজম করে কোনো গোল না করেই প্লে-অফ থেকে বিদায় নিতে হলো তাদের।

 

 

অথচ নিয়মিত মৌসুমে আক্রমণভাগে দুর্দান্ত ছিল মায়ামি। ৮০ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা দল হওয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবেও উজ্জ্বল ছিলেন মেসি। আর্জেন্টাইন তারকা করেছিলেন ২৬ গোল ও ১৭টি অ্যাসিস্ট। তবে প্লে-অফের গুরুত্বপূর্ণ সময়ে সেই আক্রমণাত্মক ধার আর ধরে রাখতে পারেনি দলটি।

 

 

শুক্রবারের ম্যাচে শুরু থেকেই আক্রমণে যাওয়ার চেষ্টা করে মায়ামি। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা। মেসির একটি ফ্রি-কিক দারুণভাবে ঠেকিয়ে দেন কলম্বাসের গোলরক্ষক প্যাট্রিক শুল্টে। জার্মান বেরতেরামের প্রচেষ্টাও রুখে দেন তিনি।

 

 

দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে মায়ামি। ৭৩ মিনিটে অভিজ্ঞ ফরোয়ার্ড লুইস সুয়ারেসকে মাঠে নামান কোচ। কিন্তু তাতেও বদলায়নি ম্যাচের চিত্র। এর তিন মিনিট পর ফ্রি-কিক থেকে পাওয়া বলে হেডে গোল করেছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। তবে অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল।

 

 

শেষ দিকে আরও কয়েকটি সুযোগ পেয়েছিল মায়ামি। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেননি আক্রমণভাগের খেলোয়াড়েরা। অন্যদিকে নিজেদের রক্ষণ সামলে পাল্টা আক্রমণের সুযোগ খুঁজতে থাকে কলম্বাস।

 

 

ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, তখনই আসে নির্ধারক মুহূর্ত। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বাঁ দিক থেকে বক্সে বল বাড়ান আনাস জারুরি। বল নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত শটে মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করেন সান্তিয়াগো রদ্রিগেস। তার সেই গোলেই নিশ্চিত হয় কলম্বাসের জয়।

 

 

এভাবে নিয়মিত মৌসুমে গোলের বন্যা বইয়ে দেওয়া মায়ামিকে বিদায় নিতে হলো প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই। ব্যক্তিগতভাবে দুর্দান্ত মৌসুম কাটালেও শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণ হলো না মেসির।

সূত্র: আরটিভি নিউজ .কম
এসএ

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার