প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১২:৩৬
সংগৃহীত ছবি
ঘরে-বাইরে, আইসিসি, এসিসির টুর্নামেন্ট হোক কিংবা দ্বিপক্ষীয় সিরিজ হোক বাংলাদেশ দল দেশবাসীকে আশার গল্প শুনিয়ে থাকে। কিন্তু এই আশার গল্প আষাঢ়ে গল্পে পরিণত হয়ে যায়। কারণ তারা বলে যান এক, আর হয় আরেক। এসিসিরি টুর্নামেন্ট হলে বলে যান আমরা ফাইনাল খেলব। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আইসিসির টুনামেন্ট হলে সেমিফাইনাল, এমন কি কখনো কখনো ফাইনালে খেলার কথাও বলেন।
দ্বিপক্ষীয় সিরিজ হলে জয়ের লক্ষ্য। ক্রিকেটপাগল দেশবাসী তাদের দেখানো স্বপ্নে নিজেরাও নেশায় বুঁদ হয়ে যান। তারাও আশায় থাকেন। কিন্তু মাঠের খেলা শুরু হলে সব বুমেরাং হয়ে যায়। ক্রিকেটারদের এ রকম প্রত্যাশার যেন ঠাকুরমার ঝুলির গল্পে পরিণত হয়। ছোটবেলা দাদা-দাদি, নানা-নানিরা ঠাকুরমার ঝুলির অবিশ্বাস্য সব গল্প বলার মতোই। ক্রিকেটারদের সেই ঠাকুরমার ঝুলির গল্প আরেকবার সবাই শুনছেন দক্ষিণ আফ্রিকা সফরে। জোহানেসবার্গের পর সেঞ্চুরিয়নে তারা দেশবাসীকে শুনিয়েছেন ঠাকুরমার ঝুলির গল্প।
এই সিরিজে তারা অবশ্য ঠাকুরমার ঝুলির গল্পটা কম বলেছেন। জয়ের কথা বলেননি। কারণ এখানে যদি তারা জয়ের কথা বলতেন, তাহলে ঠাকুরমার ঝুলির গল্পও হার মানতো! কারণ দক্ষিণ আফ্রিকার মাটিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-ভারতের মতো শক্তিশালী দল এসেও পাত্তা পায় না।
সেখানে বাংলাদেশ তো শিশু! তাদের কণ্ঠ দিয়ে জয়ের কথা কী মানায়। তাই সে পথে হাঁটেননি। তবে প্রত্যয় ব্যক্ত করেছিলেন ‘ভালো’ খেলার। কিন্তু সেই ভালো খেলাটাও হাওয়া হয়ে গেছে। দুই টেস্টের সিরিজে ভালো বলতে শুধু প্রথম টেস্টের প্রথম ইনিংসই ছিল। ৪০০ রান আর তাওহীদ হৃদয় (১৩৭) ও লিটন দাসের (১২০) সেঞ্চুরি। এরপর থেকে শুধুই হতাশা আর হতাশা।
দক্ষিণ আফ্রিকা এসে কোনো দলই পেরে উঠে না। কিন্তু তারা হারলেও লড়াই করে। যেমন বাংলাদেশের আগে সেঞ্চুরিয়নে টেস্ট খেলেছিল পাকিস্তান। তারা বাংলাদেশের মতোই আড়াই দিনে টেস্ট হেরেছে। তবে হারের আগে লড়াই করে হেরেছিল ২ উইকেটে। পাকিস্তান দুই ইনিংসে করেছিল ২১১ ও ২৩৭। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৩০১ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৪৭ রান তাড়া করতে উইকেট হারিয়েছিল ৮টি। তার আগে ভারত খেলেছিল। লোকেল রাহুলের ১০১ রানের সুবাদে প্রথম ইনিংসে ২৪৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৩১ রান করে হেরেছিল ইনিংস ও ৩২ রানে। দক্ষিণ আফ্রিকাকে ভারত অলআউট করেছিল ৪০৮ রানে। খেলা গড়িয়েছিল চতুর্থ দিন। ভারতের আগে ওয়েস্ট ইন্ডিজ তিনে দিনে ম্যাচ হারলেও দক্ষিণ আফ্রিকাকে উভয় ইনিংসে অলআউট করে হেরেছিল ৮৭ রানে।
কিন্তু বাংলাদেশ সেঞ্চুরিয়নে কী করল? প্রথম ইনিংসে মাত্র ৯১ রান। দ্বিতীয় ইনিংসে ১৮৪ রান। আর বোলিংয়ে পেস সহায়ক উইকেটে বোলাররা বানের পানির মতো ভেসে গেছেন। এক দিনেই দক্ষিণ আফ্রিকা ৪০৬ রান করে, যা টেস্ট ক্রিকেটে এক কথায় অবিশ্বাস্য। ব্যাটিং-বোলিং, এমন কি ফিল্ডিং সব বিভাগেই এক কথায় চরমভাবে ব্যর্থ। বাংলাদেশের খেলা দেখে যে কারও মনে হবে পাড়া-মহল্লার দল। ব্যাটিংয়ে হতশ্রী। বোলিংয়ে যাচ্ছেতাই। ফিল্ডিং দৃষ্টিকটু। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বীকার করে বলেছেন, ‘সব সময় উন্নতির কথা আমরা বলি, তবে এই জায়গাটাতে আসলে কাজে দেখাতে হবে। পরিকল্পনার দিক দিয়েও আরেকটু নজর দিতে হবে।’
জোহানেসবার্গের প্রথম ইনিংস বাদ দিলে বাংলাদেশ দলের অবস্থা তথৈবচ। জোহানেসবার্গ টেস্টের পর সেঞ্চুরিয়ন টেস্টের আগে দলের পক্ষ থেকে জানানো হয়েছিল ভুল শুধরানোর কথা। ভালো করার চেষ্টা করবেন। কিন্তু তার কোনো নমুনা দেখা যায়নি সেঞ্চুরিয়নে। এটি যেমন প্রথা হয়ে গেছে, টেস্ট শুরুর আগে আশার বাণী, টেস্ট শেষে ভুল শুধরানোর প্রত্যয়। কিন্তু দুইটির কোনোটিই আর জমিনে নেমে আসেনি। সবই ঠাকুরমার ঝুলির গল্প হয়ে থাকে?
বাংলাদেশ দলের অবস্থা এমন হয়ে গেছে হঠাৎ কোনো এক ম্যাচে অবিশ্বাস্য রকমের ভালো খেলে বিশ্বকে তাক লাগিয়ে দেবে। যেমন ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়। কিন্তু এরপর ধস। ডারউইন টেস্ট জয়ের পর বাংলাদেশে দল ৬ টেস্ট খেলে জিততে পারেনি কোনো টেস্ট। হারের তালিকায় আছে জিম্বাবুয়ের মতো দলও। ড্র করেছে দুইটিতে। যার একটি আবার আফগানিস্তান। ওয়ানডেতে জিম্বাবুয়ে-আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলে সবকটিতে হেরে ফাইনালে যেতে পারেনি। টি-টোয়েন্টিতেও নেই সুখবর। কিন্তু ঠাকুরমার ঝুলির গল্প বলা থামছে না। এই ঠাকুরমার ঝুলির গল্প বলা শেষ করে বাংলাদেশ দল কবে বাস্তবতায় নেমে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। পাইপলাইনে নেই খেলোয়াড়। ব্যর্থ ক্রিকেটারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হচ্ছে? সামনে নেই কোনো সুখবর। ক্রমেই অন্ধকারে নিমজ্জিত হচ্ছে কোটি কোটি মানুষের আশার প্রদীপ দেশের ক্রিকেট।
সূত্র: খবরের কাগজ .কম
এমডি
খেলাধুলা থেকে আরো পড়ুন