প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১০:৫০
সংগৃহীত ছবি
বিদায়ী ম্যাচ খেলার অপেক্ষায় আর্জেন্টিনার অন্যতম ভয়ংকর ফরোয়ার্ড কার্লোস তেভেজ। জাতীয় দলের হয়ে ১১ বছর মাঠ মাতিয়েছেন। বোকা জুনিয়র্স, ওয়েস্ট হাম, ম্যানচেস্টার সিটি ও জুভেন্তাসের হয়েও কাটিয়েছেন উত্থান-পতনের ২০টি বছর। বেশ কিছুদিন আগে অবসর নেওয়া সেই তেভেজ অপেক্ষায় আছেন বিদায়ী ম্যাচের। আর সেই ম্যাচ ঘিরে দেখা দিয়েছে উন্মাদনা। হয়তো স্মরণীয় ম্যাচটিতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠ মাতাবেন গ্রহের দুই মহাতারকা মেসি ও রোনালদো।
তেভেজের সম্মানার্থে আগামী ২০ ডিসেম্বর লা বোমবোনেরায় ‘দ্য লাস্ট ড্যান্স’ নামের বিদায় ম্যাচের আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। ৪২ বছর বয়সী এই সাবেক তারকা ক্লাব পর্যায়ে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, সিরি আ ও ক্লাব বিশ্বকাপ জিতলেও আর্জেন্টিনার জার্সিতে ৭৬ ম্যাচে তার গোল ১৩টি।
ম্যাচটির আয়োজক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে লিওনেল মেসির অংশগ্রহণ নিশ্চিত করেছে। পোস্টটিতে লেখা হয়, ‘লিও মেসি, লা বোমবোনেরা তোমার অপেক্ষায়!’
আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ক্যারিয়ার গড়া মেসি আন্তর্জাতিক ফুটবলে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ব্যালন ডি’অরসহ অসংখ্য শিরোপায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। তেভেজের সাবেক সতীর্থ মেসির উপস্থিতি এই আয়োজনে বাড়তি মাত্রা যোগ করেছে।
তেভেজের এক সময়ের আরেক সতীর্থ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা এখনো নিশ্চিত না হয়নি। তেভেজেরও ইচ্ছা, তার বিদায়ী ম্যাচের একাদশে রোনালদোর থাকুক। ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো যদি ম্যাচটি খেলেন তবে প্রথমবারের মতো মেসি ও রোনালদোকে একসঙ্গে দেখা যেতে পারে। যা হয়ে থাকবে ফুটবলের সবচেয়ে বড় একটি পোস্টার ছবি। সেই একাদশে হুয়ান রোমান রিকেলমে, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, সার্জিও আগুয়েরো, জিয়ানলুইজি বুফন ও ফর্মুলা ওয়ান চালক ফ্রাঙ্কো কোলাপিন্তোর নামও রয়েছে।
ম্যাচের আগে ১৮ ডিসেম্বর ফুয়ের্তে অ্যাপাচেতে ফুটবল এবং ১৯ ডিসেম্বর খামারবাড়িতে মাতে, ওয়াইন ও আসাদো আ লা এস্তাকার আয়োজন রেখেছেন তেভেজ। ক্যারিয়ারের সঙ্গীদের নিজের শিকড় ও আর্জেন্টিনার ঐতিহ্য দেখাতেই এই উদ্যোগ নিয়েছেন ‘এল অ্যাপাচি’, যাতে তার বেড়ে ওঠা এবং দেশের সংস্কৃতি সম্পর্কে অতিথিরা কাছ থেকে জানতে পারেন।
৩৮ বছর বয়সে ২০২২ সালের জুনে পেশাদার ফুটবল থেকে অবসর নেন তেভেজ। পরে কোচিংয়ে নেমে তেভেজ এখনো তেমন সাফল্য পাননি।
সূত্র: কালবেলা .কম
এমডি
খেলাধুলা থেকে আরো পড়ুন