বাহুবলী ২-কে পেছনে ফেলল রামায়ণ, চূড়ায় পৌঁছাতে বাধা আর ২ সিনেমা

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৩:৪৯

সংগৃহীত ছবি

মুক্তির এক মাস পূর্ণ হওয়ার পথে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’। রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীত এই ছবি দেখতে এখনো প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন দর্শকেরা। ইতোমধ্যে ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের তালিকায় ‘বাহুবলী ২’-কে ছাড়িয়ে গেছে এটি।  

 

 

স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, ২৩তম দিনে ভারতে ছবিটি ৮.৪৫ কোটি রুপি নেট আয় করেছে। এর ফলে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১,০০০.৫৫ কোটি রুপি এবং ভারতের মোট গ্রস আয় পৌঁছেছে ১,১৯৫.১০ কোটি রুপিতে। 

 

 

ছবিটির জন্য এটি এক বড় অর্জন। কারণ ২৩তম দিন শুক্রবার (২৭ নভেম্বর) ছিল ভারতে এখন পর্যন্ত এর সবচেয়ে কম আয়ের দিন। তবুও সেই তুলনামূলক কম আয়ই ছবিটিকে ১ হাজার কোটি রুপির ঐতিহাসিক মাইলফলক পার করিয়ে দিয়েছে। 

 


২২তম দিনে ছবিটির আয় ছিল ৯.৬৫ কোটি রুপি। সেই হিসেবে ২৩তম দিনে আয় কমেছে ১২.৪ শতাংশ। তবে এই পতনের পেছনে স্পষ্ট কারণ রয়েছে—শোয়ের সংখ্যা অনেকটাই কমে গেছে। ২২তম দিনে যেখানে সারা ভারতে ছবিটির ১৫,৪১৮টি শো চলেছিল, ২৩তম দিনে তা কমে দাঁড়ায় মাত্র ৬,৫৮৪টি শোয়ে—যা আগের দিনের অর্ধেকেরও কম। 

 

 

শো এতটা কমে গেলে আয় কমাই স্বাভাবিক। তা সত্ত্বেও ২৩তম দিনে আনুমানিক ৩,৯৪,৫১৮টি টিকিট বিক্রি হয়েছে। সব মিলিয়ে ২৩ দিনে টিকিট বিক্রির সংখ্যা ছাড়িয়ে গেছে ৪.১৭ কোটি।

 

 

বরাবরের মতোই আয়ে সবচেয়ে বড় অবদান রেখেছে হিন্দি সংস্করণ। ২৩তম দিনে ৪,৯৭৬টি শো থেকে হিন্দি সংস্করণ আয় করেছে ৫ কোটি রুপি। এর পাশাপাশি কন্নড় থেকে এসেছে ১.২৫ কোটি, তামিল থেকে ১.০৫ কোটি, মালয়ালম থেকে ১ কোটি এবং তেলেগু থেকে ১৫ লাখ রুপি।

 

 

‘রামায়ণ’-এর আয়ে বিদেশের বাজারও বড় ভূমিকা রাখছে। ২৩তম দিনেও এর ব্যতিক্রম হয়নি। ওই দিন বিদেশ থেকে ছবিটি আয় করেছে আরও ৫ কোটি রুপি, এতে ওভারসিজ গ্রস আয় দাঁড়িয়েছে ৫৯৫ কোটি রুপি। সব মিলিয়ে ছবিটির বিশ্বব্যাপী গ্রস আয় পৌঁছেছে ১,৭৯০.১০ কোটি রুপিতে। এর মাধ্যমে ‘রামায়ণ’ এখন ‘বাহুবলী ২’-এর আজীবন বিশ্বব্যাপী সংগ্রহকেও ছাড়িয়ে গেছে। 

 

 

প্রথম আট দিনে ছবিটি ভারতে নেট আয় করেছিল ৫৬৪.৬০ কোটি রুপি। তৃতীয় সপ্তাহে আসে ১২৮.৩৫ কোটি রুপি নেট। আর চতুর্থ সপ্তাহ শুরু হয়েছে শুক্রবারের ৮.৪৫ কোটি রুপি দিয়ে। 

 

 

বিশ্বব্যাপী ভারতীয় ছবির তালিকায় এটি এখন তৃতীয় স্থানে অবস্থান করছে—কেবল ‘দঙ্গল’ এবং ‘ধুরন্ধর ২’-এর পেছনে।

 

যদিও ‘রামায়ণ’-এর জন্য ‘ধুরন্ধর ২’-এর বিশ্বব্যাপী রেকর্ড ছোঁয়া এখনো নাগালের মধ্যেই রয়েছে, তবে ‘দঙ্গল’-এর রেকর্ড ভাঙা বেশ কঠিন বলেই মনে হচ্ছে, বিশেষ করে সামনে নতুন বড় ছবিগুলো আসার কারণে। তবুও নীতেশ তিওয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙতে পারেন কিনা, তা নিয়ে কৌতূহল রয়েছে। 

 

 

২০১৬ সালে মুক্তি পাওয়া ‘দঙ্গল’ ছিল তার তৃতীয় পরিচালিত ছবি, আর এক দশক পেরিয়ে গেলেও বক্স অফিসে এর রেকর্ড এখনো অক্ষত।

 

সামনের দিনগুলোতে ‘রামায়ণ’-কে নতুন ছবির সঙ্গে কড়া প্রতিযোগিতায় পড়তে হবে। দর্শক টানার দৌড়ে ভালো সময় কাটানোর জন্য এটিই সম্ভবত ছবির শেষ সপ্তাহ। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই আসছে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ এবং সালমান খানের ‘মাতৃভূমি’। আর বছরের শেষে বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ খান তার বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’ নিয়ে। 

সূত্র: যুগান্তর  .কম
এসএ

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার