মুকুট না জিতেও মিস ইউনিভার্সে দুই স্বীকৃতি পেলেন সামিরা খান মাহি

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১০:৫৩

সংগৃহীত ছবি

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা না হলেও দর্শকদের ভোটে দুটি বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। সুইমস্যুট ও ইভনিং গাউন বিভাগে পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছেন তিনি। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশের এই প্রতিযোগী।

 

 

সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী পোশাক ও আত্মবিশ্বাসী উপস্থাপনার কারণে শুরু থেকেই আলোচনায় ছিলেন মাহি। অন্য প্রতিযোগীরা বিকিনি পরে মঞ্চে এলেও তিনি বেছে নেন পুরো শরীর ঢাকা নীল রঙের আঁটসাঁট পোশাক। পোশাকটির পেছনে যুক্ত লম্বা নীল কাপড় মঞ্চে তার উপস্থিতিকে আলাদা করে তোলে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হওয়া সেই পর্বটিতেই এবার দর্শকদের ভোটে সেরা নির্বাচিত হলেন তিনি।

 


শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই অর্জনের খবর জানান মাহি। পোস্টে তিনি লেখেন, ৭৫তম মিস ইউনিভার্সে সুইমস্যুট ও ইভনিং গাউন, দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। এ ছাড়া ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছে দেশ।

 

 

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেও এই সাফল্য কেবল নিজের নয়, বরং দেশের প্রতিটি মানুষের বলে উল্লেখ করেন মাহি। অন্য এক পোস্টে মিস ইউনিভার্সের বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের পাশে নিজের নাম দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

 


প্রতিযোগিতার পুরো যাত্রায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন তাকে সাহস জুগিয়েছে বলে জানান মাহি। প্রতিটি পদক্ষেপে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন উল্লেখ করে তিনি লেখেন, মানুষের এই ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি।

 


মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় মুকুট জয়ের লড়াই থেকে ছিটকে পড়েন মাহি। তবে দর্শকদের ভোটে পাওয়া এই স্বীকৃতি তার আন্তর্জাতিক মঞ্চের যাত্রাকে স্মরণীয় করে রাখল। দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবশেষে তিনি লিখেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’

সূত্র: কালবেলা .কম
এসএ

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার