প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৫ ২১:১৪
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি করতে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর ৩টি দ্বিতল বাস চালু করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন—১ এর সামনে পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাস চালুর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ—উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজ আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসির তিনটি দ্বিতল বাস চালু করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। এই বাসগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ ও যত্ন নেওয়ার বিষয়ে আমরা সকলের সহযোগিতা প্রত্যাশা করি। এছাড়াও, খুব শিগগিরই আমরা বিশ্ববিদ্যালয়ের গেট থেকে ক্যাম্পাস পর্যন্ত শাটল বাস সার্ভিস চালুর পরিকল্পনা গ্রহণ করেছি। ভবিষ্যতে আরও উন্নত ও টেকসই পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাবে।
উপ—উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম নতুন বাস সার্ভিসটিকে একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আজ আমাদের জন্য একটি আনন্দের দিন। জুলাই বিপ্লবের এক বছর পূর্ণ হলো, আর এই দিনেই শিক্ষার্থীদের জন্য তিনটি দ্বিতল বাস চালু করতে পারা একটি স্মরণীয় মাইলফলক। আমরা শুরু থেকেই যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি, তার প্রতিটি ছিল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণকে কেন্দ্র করে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় এ নতুন সংযোজন শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ উদ্যোগের ফলে ক্যাম্পাসভিত্তিক যাতায়াতে শৃঙ্খলা ও কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে।
পরিবহন প্রশাসক অধ্যাপক এ এফ এম জাকারিয়া ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিআরটিসি ও সংশ্লিষ্ট সকলকে, যাঁদের সহযোগিতায় এই বাস সার্ভিস চালু সম্ভব হয়েছে।
উল্লেখ্য, চালু হওয়া ৩টি দ্বিতল বাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সিলেট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চলাচল করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. সালমা আখতার, শাহপরান হল প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, প্রধান প্রকৌশলী জয়নাল ইসলাম চৌধুরী, কলেজ মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. ইউনুস আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আ ফ ম মিফতাউল হক।
সিলেট থেকে আরো পড়ুন