প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৩
প্রবাসী কল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক
সৌদি আরবে তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল রাতে রিয়াদ—তায়েফ সড়কের রিদওয়ান ব্রিজের প্রায় ৭ কিলোমিটার পর আল—হাওয়িয়াহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রবাসীদের বহনকারী একটি ইনোভা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়লে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন— করিম উদ্দিন, খালিদ মিয়া, আমিন মিয়া এবং শাহ আলম। প্রাথমিক তথ্যে নিশ্চিত করা হয়েছে, নিহত চারজনের বাড়িই সিলেট জেলায়। এদের মধ্যে করিম উদ্দিন ও খালিদ মিয়ার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। বর্তমানে তাদের মরদেহ আল—মুইয়্যাহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
এই মর্মান্তিক প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
এক যৌথ শোকবার্তায় তারা মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা আশ্বস্ত করেন যে, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য সরকারি সহায়তা ও সব ধরনের ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।
সিলেট থেকে আরো পড়ুন