শাবিপ্রবিতে ছাত্র রাজনীতি চালুর অনুমোদন

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ২২:৪৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্র রাজনীতির ওপর নিষেধাজ্ঞা জারি করে আরোপ করা প্রজ্ঞাপনটি ‘কিছু শর্তে’ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টরের অনুমোদনক্রমে এখন থেকে করা যাবে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড। তবে পূর্বের ন্যায় বিভিন্ন হল ও ভবনগুলোতে মিছিল মিটিং নিষিদ্ধ থাকবে।

 


সোমবার ২২ সেপ্টেম্বর রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আ ফ ম মিফতাউল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।


শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের প্রস্তুতিতে এ বিজ্ঞপ্তি জারি হয়েছে বলে প্রশাসন সূত্র জানিয়েছে। আগামী নভেম্বরে শাকসু নির্বাচন হওয়ার ইঙ্গিত দিয়েছে প্রশাসন। তবে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসেনি।

 


ছাত্র রাজনীতি চালুর বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ আগস্ট প্রক্টরীয় কমিটির সাথে সর্বদলীয় ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে গত বছরের ৬ নভেম্বর ছাত্র রাজনীতির উপর আরোপিত নিষেধাজ্ঞা জারিকৃত প্রজ্ঞাপনটি স্থগিত করা হলো। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণমূলক সকল রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমোদনক্রমে করা যাবে।


তবে সকল একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং আবাসিক হলসমূহে পূর্বের ন্যায় মিটিং ও মিছিল নিষিদ্ধ থাকবে।

 


শাকসু নির্বাচনে এলে আবাসিক হল পরিস্থিতি বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের প্যানেল গঠন ও প্যানেল পরিচিতিমূলক অনুষ্ঠানসমূহ হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে করা যেতে পারে।
শাবিপ্রবিতে প্রায় ১০ মাস ধরে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রয়েছে। তবে শাকসু নির্বাচন সামনে রেখে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতির চালুর বিষয়ে গত সপ্তাহে সুপারিশ করে প্রক্টরিয়াল বডি।
এর আগে গত বছরের ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পাসে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে।

 


এদিকে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সরওয়ারউদ্দিন চৌধুরী জানিয়েছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার