প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিনটি হলের নাম পরিবর্তন ও তিনটির নির্মাণাধীন তিনটি হলের নামকরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিন্ডিকেট সভা শেষে রাত আনুমানিক ১১টায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ আরো অনেকে। এর আগে বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সিন্ডিকেট সভা চলে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে 'বিজয় ২৪ হল', ১ম ছাত্রী হলের নাম পরিবর্তন করে 'আয়েশা সিদ্দিকা হল', বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে 'ফাতিমা তুজ জাহরা হল’ রাখা হয়েছে।
ছাত্রছাত্রীদের জন্য নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট দুটি নতুন হল ও ৭ তলাবিশিষ্ট একটি আন্তর্জাতিক ছাত্রাবাসেরও নামকরণ করা হয়েছে। এর মধ্যে ছাত্রহলের নাম ‘গাজী বোরহান উদ্দিন হল’, ছাত্রীহলের নাম ‘সুমাইয়া বিনতে খুব্বাত হল’ এবং আন্তর্জাতিক ছাত্রাবাসের নাম রাখা হয়েছে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নামে ‘এম সাইফুর রহমান হল’।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন করে 'জালালাবাদ গবেষণা কেন্দ্র' রাখা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন