প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫ ২২:৪৭
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র্যাগিংয়ের দায়ে আজীবনসহ বিভিন্ন মেয়াদে বহিষ্কৃত ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বৃষ্টির মধ্যে তৃতীয় দিনের মতো মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে মানববন্ধন করেন শিক্ষার্থী।
এসময় শিক্ষার্থীরা প্রহসনের বহিষ্কার মানিনা মানবো না, প্রশাসন না প্রহসন/ প্রহসন প্রহসন, উই ওয়ান্ট জাস্টিস/ জাস্টিস জাস্টিস, সাস্টিয়ান সাস্টিয়ান/ এক হও এক হও,সাস্টিয়ান সাস্টিয়ান/ এক হও লড়াই এসব শ্লোগান দেয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘গত বছরের নভেম্বরে ঘটে যাওয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু-একজনের ক্ষণিকের স্টেটমেন্টের ওপর ভিত্তি করে আমাদের কয়েকজনকে বহিষ্কার করা হয়, যা অনেক আগেই মীমাংসিত হয়ে যায় এবং জুনিয়র-সিনিয়র মিলে বিভিন্ন ইভেন্ট বা টুর্নামেন্টে অংশগ্রহণ করি। তারপর বিভিন্ন সমস্যায় সবাই একসাথে কাজ করেছি। সিনিয়র-জুনিয়র সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর হঠাৎ এক বছর পর প্রশাসনের এই রকম সিদ্ধান্ত সত্যিই দুঃখজনক।’
শিক্ষার্থীরা আরও বলেন, ‘জুনিয়রদের সাথে বিষয়টি মীমাংসা করে প্রক্টর অফিসে আমরা জানিয়েছি এরপরও অন্যায়ভাবে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমরা এই প্রহসনের বহিষ্কারাদেশ মানিনা। অতি দ্রুত এই আদেশ প্রত্যাহার চাই।’
সিলেট থেকে আরো পড়ুন