প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ২২:৩৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘বিজয়-২৪’ হলে শিক্ষার্থীদের জরুরি প্রয়োজন মেটানোর জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ‘ইমার্জেন্সি কর্ণার’ স্থাপন করেছে।
সোমবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. এছাক মিয়া এবং হল প্রভোস্ট অধ্যাপক ড. মো জামাল উদ্দিন আনুষ্ঠানিকভাবে কর্ণারটির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
ইমার্জেন্সি কর্ণারে শিক্ষার্থীদের হঠাৎ প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় কিছু ঔষধ, কলম, লেখার পেপার, মাস্ক এবং অন্যান্য জরুরি উপকরণ রাখা হয়েছে। শিক্ষার্থীরা যে কোনো সময় এই সামগ্রী ব্যবহার করতে পারবেন এবং ব্যবহারের পর পরিস্থিতি অনুযায়ী যথাযথ স্থানে ফেরত দিবেন।
ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. এছাক মিয়া বলেন, ছাত্র মজলিসের এই উদ্যোগ প্রশংসার দাবিদার এবং আবাসিক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক হবে।
এসময় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি জুনায়েদ আহমদ বলেন, শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যার সমাধানে মানবিক ও সেবাধর্মী উদ্যোগ গ্রহণের অংশ হিসেবে এই ইমার্জেন্সি কর্ণার স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে আমরা আরও কিছু প্রয়োজনীয় সেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রাখছি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা এ উদ্যোগকে যথাযোগ্যভাবে প্রশংসা করেন এবং আবাসিক হলের সার্বিক কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সিলেট থেকে আরো পড়ুন