প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫ ২৩:১৫
লভ্যাংশ যাবে দুই শিশুর চিকিৎসায়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ এর পক্ষ থেকে ১০ম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘কিন বই উৎসব ২০২৫’। এবারের বই উৎসব হতে প্রাপ্ত লভ্যাংশ ব্যয় হবে মেজর থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছোট্ট আবদুল্লাহ এবং শিশু হাবিবুল্লাহর চিকিৎসায়।
আগামী ১ ডিসেম্বর থেকে ১০ই ডিসেম্বর, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় অনুষ্ঠিত হবে এই উৎসবটি।
এবারের বই মেলার প্রতিপাদ্য ‘পুস্তকের আলোকধারায় মানবতার উন্মেষ’। বইপ্রীতি জাগানো, পাঠ-সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং মানবিক সহায়তা নিশ্চিত করাই এ উৎসবের মূল লক্ষ্য, যেখানে অংশগ্রহণ করছে দেশের উল্লেখযোগ্য ও স্বনামধন্য সব প্রকাশনী। এবারের বই উৎসব উৎসর্গ করা হয়েছে একুশে পদকপ্রাপ্ত কবি ও সাহিত্য সম্পাদক জাহানারা আরজুকে।
এছাড়াও বর্তমানে ‘কিন’ পাঁচটি উইংসের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করছে। এর মাঝে রয়েছে- বিশ্ববিদ্যালয়ের আশেপাশের দরিদ্র পরিবারের শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম ‘কিন স্কুল’, প্রয়োজনীয় পরিস্থিতিতে মুমূর্ষ প্রাণ রক্ষার্থে ‘ব্লাড ডোনেশন’, শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ, সাধারণ মানুষের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য ‘সামাজিক সচেতনতা ও প্রচারণা’ এবং মানবিক সহায়তামূলক কার্যক্রম ‘কিন চ্যারিটি’। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবায় সম্পৃক্ত করে সংগঠনটি দীর্ঘদিন ধরে ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রেখে আসছে।
সিলেট থেকে আরো পড়ুন