প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৩ ০৭:৪৯
তাহিরপুরের বিভিন্ন গ্রাম, হাটবাজারে মাদকের ব্যাপক ছড়াছড়ি ও গরু চুরি বৃদ্ধির অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু কর্ণারে অনুষ্ঠিত উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও এলাকাতে গরু চুরি বৃদ্ধির বিষয়ে বক্তব্য দেন শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ ও বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ বলেন, ইউনিয়নের সুলেমানপুর বাজার, লামাগাঁও বাজার ও পৈন্ডুপ বাজারে ভারতীয় মদ দেদারছে বিক্রি হচ্ছে। এছাড়াও গ্রামে কয়েকজন গরু চোর রয়েছে। এদের নামে মোহনগঞ্জ থানায় গরু চুরির মামলা রয়েছে, আছে গ্রেফতারী পরওয়ানাও। কিন্তু থানা পুলিশ কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে না। এলাকার যুব সমাজকে বাঁচাতে তিনি থানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া বলেন, উত্তর বড়দল ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাতে গরু চুরি বৃদ্ধি পেয়েছে। এলাকাতে গরু চুরি বন্ধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।এদিকে বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন বলেন, একদল দুবৃর্ত্ত আমার ইউনিয়নে এক কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত মাহতাবপুর—বাদঘাট সড়ক কেটে দিয়েছে। এ ব্যপারে তিনি দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন, বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী, বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হোসেন, দক্ষিণ বড়দল ইউনিয়নের চেয়ারম্যান ইউনূছ আলী, উত্তর বড়দল ইউনিয়নের চেয়ারম্যান মাসুক মিয়া, উত্তর শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী হায়দার, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, এলাকাতে মাদক, গরু চুরি ও অন্যান্য অপরাধ দমনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। তাছাড়া থানা অফিসার ইনচার্জ এ বিষয়ে সহযোগিতা চাইলে তাহলে টাস্কফোর্সের মাধ্যমে ব্যবস্থা দ্রুত নেয়া হবে।সভায় তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, মাদক ও গরু চুরি বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে আমরা সকলের সহযোগিতা কমানা করি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন