প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ২১:৩০
বহাল আছে আরেকটি কমিটি
দিরাই পৌরসভার কেন্দ্রীয় শ্মশান পরিচালনায় ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে পৌরসভার কালীমন্দিরে দিরাই গ্রামবাসীর উপস্থিতিতে সভায় নতুন কমিটি গঠন করা হয়।
কমিটিতে অসীম রায় চৌধুরীকে সভাপতি, সুরঞ্জিত সূত্রধরকে সাধারণ সম্পাদক, অনুপম চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক এবং শ্যামল দেবকে কোষাধ্যক্ষ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪০ থেকে ৪৫ বছর আগে দোওজ গ্রামের রাজবল্লভ রায় সনাতন ধর্মাবলম্বীদের শেষকৃত্য সম্পন্ন করার জন্য প্রায় এক একর জমি দান করেন। এরপর থেকে ওই জমি কেন্দ্রীয় শ্মশান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে হারানপুর, আনোয়ারপুর, দাওয়াতপুর, দিরাই, দোওজ গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা শেষকৃত্য সম্পন্ন করতে বেশি ব্যবহার করে আসছেন।
নবগঠিত কমিটির সভাপতি অসীম রায় চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে শ্মশানটি অবহেলায় পড়ে আছে। আমরা নবগঠিত কমিটির সদস্যরা শ্মশানের উন্নয়ন ও কালীপূজা আয়োজনের উদ্যোগ নিচ্ছি।
অন্যদিকে শ্মশানের আগের একটি পরিচালনা কমিটি রয়েছে বলে জানিয়েছেন হিরন্ময় বর্মন। তিনি বলেন, আগের কমিটির সদস্যরা শ্মশানের উন্নয়নে বিভিন্ন কাজ করেছেন। উন্নয়নকাজের জন্য ১৩ লাখ টাকা সংগ্রহের লক্ষ্যে একটি তালিকাও তৈরি করা হয়েছে। এই টাকা কালেকশনের দিকটা আশীষ দেখছেন। এ অবস্থায় আগের কমিটি বহাল থাকা সত্ত্বেও নতুন আরেকটি কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন