প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬ ১৭:০৭
সংগৃহীত ছবি
দীর্ঘ ২৮ বছর পর আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারটি শিক্ষাভবন ও সেন্টার অব এক্সিলেন্স ভবনে মোট ছয়টি কেন্দ্রের ১৭৮টি বুথে চলবে ভোটগ্রহণ।
শাকসুর ওয়েবসাইটে প্রধান নির্বাচন কমিশনার সই করা এ সংক্রান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই তালিকা অনুযায়ী, শিক্ষাভবন-সি, শিক্ষাভবন-ডি ও শিক্ষাভবন-ই তে একটি করে কেন্দ্র রয়েছে। এছাড়া, নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে দুইটি কেন্দ্র ও সেন্টার অব এক্সিলেন্স ভবনে একটি কেন্দ্র করা হয়েছে। ছয়টি কেন্দ্রে মোট ১৭৮টি বুথ রয়েছে।
এরমধ্যে ছেলেদের বিজয়-২৪ হলের ভোটাররা শিক্ষাভবন-সি, শাহপরাণ হলের ভোটাররা শিক্ষাভবন-ই ও সৈয়দ মুজতবা আলী হলের ভোটাররা সেন্টার অব এক্সিলেন্স ভবন কেন্দ্রে ভোট দিবেন। মেয়েদের বেগম সিরাজুন্নেছা চৌধুরী হল ও ফাতিমা তুজ জাহরা হলের ভোটাররা নতুন সামাজিক বিজ্ঞান অনুষদের দুইটি কেন্দ্রে ও আয়েশা সিদ্দিকা হলের ভোটাররা শিক্ষাভবন-ডি তে ভোট দিবেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী, শাহপরাণ হলে ২ হাজার ২১৬ জন, সৈয়দ মুজতবা আলী হলে ১ হাজার ৪২৫ জন, বিজয়-২৪ হলে ২ হাজার ১৭৫ জন, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ১ হাজার ১৮১ জন, ফাতিমা তুজ জাহরা হলে ৬৮৭ এবং আয়েশা সিদ্দিকা হলে ১ হাজার ৩৪৬ জনসহ শাকসুতে মোট ৯ হাজার ৩০ জন ভোটার রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন