প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬ ২১:১৩
শাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা
সু.খবর ছবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন যথাসময়ে আয়োজনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। ফলে দীর্ঘ ছয় ঘণ্টাব্যাপী নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।
সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রশাসনিক ভবন-১-এ তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন তারা।
সরেজমিনে দেখা যায়, প্রশাসনিক ভবনে তালা ঝুলছে। নিজেদের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে আছেন উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ ভবনটিতে কর্মরত কর্মকর্তারা। ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি শাকসুর এক ভিপি প্রার্থীর রিট ও ঢাকায় ছাত্রদলের শাকসুর প্রজ্ঞাপন বাতিলের দাবি জানানোর পর থেকেই উত্তাল অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে। এর আগে আজ বেলা সাড়ে ১২টায় রেজিস্ট্রার ভবনে তালা দিয়ে সেখানে বিক্ষোভ ও অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে শাকসু সঠিক সময়ে না হলে ক্যাম্পাস শাটডাউন করে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করার সিদ্ধান্ত নেয় বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
সিলেট থেকে আরো পড়ুন