শাবিপ্রবি

শিক্ষার্থীদের জোরপূর্বক হল থেকে বের করার ঘটনায় তদন্ত কমিটি গঠন 

প্রকাশিত: ১২ মে, ২০২৬ ১৭:১০

-ছবি. সুখবর

দীর্ঘ প্রায় দুই বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের দাবির প্রেক্ষিতে অবশেষে আবাসিক হল থেকে শিক্ষার্থীদের জোরপূর্বক বের করে দেয়ার ঘটনায় স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস’র ডিন অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরীকে আহ্বায়ক রেখে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

 


মঙ্গলবার (১২ মে) রেজিস্ট্রার সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত ৭ মে উক্ত ঘটনায় ছাত্রশিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে জড়িতদের তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি জানিয়ে ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলো বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। 

 


কমিটিতে সদস্য হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ এবং ফাতিমা তুজ জাহরা হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসমত আরা।

 


বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ২৬ আগস্ট ২০২৪ তারিখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে শিক্ষার্থীদের জোরপূর্বক বের করে দেয়ার ঘটনার বিষয়ে নিম্নোক্ত তদন্ত কমিটি গঠন করা হলো।

 


এ ব্যাপারে তদন্ত কমিটির আহ্বায়ক অধিকার মো. আহমদ কবির চৌধুরী বলেন, আমার কাছে এখনো চিঠি পৌছায়নি। হোয়াটসঅ্যাপে একজন চিঠিটা আমাকে পাঠিয়েছে। চিঠি পেলে আমরা কাজ শুরু করবো।

 


এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, আমি চিঠিটা পেয়েছি। কিন্তু টার্মস এন্ড কন্ডিশনসগুলো এখনো পাইনি। সেগুলো পেলে আমরা কাজ শুরু করবো।

 


উল্লেখ্য, ২০২৪-এর ২৬ আগস্ট শাবিপ্রবির আবাসিক হলে ছাত্রলীগের দোসর রয়েছে এমন অভিযোগ এনে হল ছাড়তে দফায় দফায় আলটিমেটাম দেন স্থানীয় এলাকাবাসী। পরবর্তীতে এলাকাবাসীর তোপের মুখে আবাসিক হল ছাড়তে বাধ্য হন শিক্ষার্থীরা। ঐ সময় প্রশাসনিক শূন্যতায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরবর্তীতে প্রশাসন নিয়োগ হলে শিক্ষার্থীদেরকে নতুন করে মেধা ও আর্থিক সংকট বিবেচনায় হলে সিট বরাদ্দ দেওয়া হয়েছিল।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার