প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬ ১২:১৪
সংগৃহীত ছবি
চুলের যত্নের খুব সাধারণ একটি রীতি হলো তেল মালিশ। মা-চাচিরা বলেন, তেল মাখলেই চুল ভালো থাকে। আবার কেশচর্চা শিল্পীদের অনেকেই বলেন, চুল মসৃণ রাখার জন্য বেশ কাজে আসে তেল। মাথার ত্বকে তেল মালিশ করলে রক্তসঞ্চালন ভালো হয়। চুলের ফলিকলগুলো অক্সিজেন পায়। ফলে চুলের গোড়া মজবুত হয়। সে জন্য চুলে তেল দেওয়ার সঠিক সময় জানা উচিত।
আর এটি মূলত নির্ভর করে চুলের ধরন ও প্রয়োজনের ওপর। তবে আয়ুর্বেদ ও কেশচর্চা বিশেষজ্ঞদের মতে, রাতে হচ্ছে চুলে তেল ম্যাসাজের সবচেয়ে ভালো সময়। বিশেষ করে রাতে হালকা গরম তেল ম্যাসাজ করলে পুষ্টি ভালোভাবে শোষিত হয়। অন্যদিকে সকালে গোসলের ৪৫ মিনিট বা এক ঘণ্টা আগেও তেল দেওয়া যায়।
চুলের পরিচর্চায় তেলের গুরুত্ব অপরিসীম। নারিকেল তেল থেকে আর্গন তেল, আমলকী তেল— একেক রকম তেলের একেক রকম গুণ। তেলে থাকা ফ্যাটি অ্যাসিড চুলের রুক্ষ ভাব দূর করে। সেই সঙ্গে চুলের ওপর আর্দ্রতার পরত বজায় রাখতে সাহায্য করে। আর তেলের পরশ থাকলে এলোমেলো চুল আঁচড়ানো সহজ হয়। তেলে থাকা ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্ট মাথার ত্বকে পুষ্টি জোগাতেও সাহায্য করে।
রাতের বেলা হালকা গরম তেল মাথায় সঠিক কায়দায় মালিশ করলে আরাম পাওয়া যায়। স্নায়ুও শিথিল থাকে। ঘুম ভালো হয়। তবে তেল মাখতে হবে পরিমিত। অনেকে ভাবেন— প্রচুর তেল মেখে শুইলেই চুল ভালো থাকবে। আসলে তা নয়। তেলে বালিশে থাকা ধুলো আটকে যেতে পারে। তা ছাড়া বেশি তেল মাখলে মাথাও চুলকাতে পারে।
অন্যদিকে সকালে গোসলের ঘণ্টাখানেক আগে তেল ম্যাসাজ করলে চুলে ধুলাবালি বসে যাওয়ার ঝুঁকি থাকে না। এ ছাড়া অনেকের মতে, তেল মাখার সময়ে মালিশ করলে উপকার হয়। তেল তৈলাক্ত পরত তৈরি করে, যা চুল মসৃণ রাখতে সহায়ক। আবার অনেকে মনে করেন, গোসলের ঘণ্টাখানেক আগে নয়, ১৫ মিনিট আগেই চুলে তেল দিলে ভালো হয়।
চুল শুকনো হোক কিংবা ভেজা— তেল লাগানোই যায়। তবে কোন ধরনের তেল ব্যবহার করা হচ্ছে, তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন নারিকেল তেল। এটি একটু চটচটে মোটা হয়। শুকনো চুলে এ তেল লাগালেই ভালো। কারণ চুলের পুষ্টিগুণ শুকনো চুলই ভালো শোষণ করতে পারে। তবে পরিষ্কার চুলেই সর্বদা তেল মালিশ করা উচিত বলে মনে করেন কেশচর্চা শিল্পীরা।
সূত্র: যুগান্তর .কম
এমডি
বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন