প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৬ ২২:৫৭
নাট্যচর্চায় আগ্রহী শিল্পীদের অভিনয় দক্ষতা বাড়াতে সুনামগঞ্জে দুদিনব্যাপী ‘নাটক বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শুরু হওয়া এ কর্মশালার সমাপনী অনুষ্ঠান শনিবার জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমি, সুনামগঞ্জ, একতা নাট্য সংস্থা এবং সৃষ্টি আবৃত্তি ও অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন নাট্যব্যক্তিত্ব মো. জালাল উদ্দীন রুমি।
কর্মশালায় অংশগ্রহণকারীদের অভিনয়ের মৌলিক ও ব্যবহারিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে কণ্ঠস্বরের ব্যবহার, চরিত্র পর্যবেক্ষণ, চরিত্র ধারণ, সংলাপ উপস্থাপন, শারীরিক অভিব্যক্তি এবং মঞ্চে চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলার কৌশল শেখানো হয়।
প্রশিক্ষক জালাল উদ্দীন রুমি অংশগ্রহণকারীদের হাতে-কলমে বিভিন্ন অভিনয় কৌশল শেখান। চরিত্রের আচরণ ও অভিব্যক্তি পর্যবেক্ষণ করে তা অভিনয়ের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরার বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।
.jpg)
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাসাসের আহ্বায়ক শেরগুল আহমেদ, সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন সুজন, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জরুল হক চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. জালাল উদ্দীন রুমি, বন্ধন থিয়েটারের উপদেষ্টা অ্যাডভোকেট অলক ঘোষ চৌধুরী, স্পন্দন সাংস্কৃতিক সংস্থা ও শিশু সংগঠনের সভাপতি রুনা লেইস, নৃত্যাঙ্গনের সভাপতি শ্রাবন্তি পুরকায়স্থ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম আহমেদ, একতা নাট্য সংস্থার সভাপতি তপন কর, সৃষ্টি আবৃত্তি ও অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি সামিনা চৌধুরী মনি, নাট্যব্যক্তিত্ব মঞ্জু তালুকদার এবং থিয়েটার একুশের সভাপতি পল্লব ভট্টাচার্য।
এ ছাড়া থিয়েটার সুনামগঞ্জের দলনেতা দেওয়ান গিয়াস, শিক্ষাবিদ কানিজ সুলতানা, শাহিনা চৌধুরী রুবি, বন্ধন থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান সামির পল্লব, সাধারণ সম্পাদক অমিত বর্মণ, আশিষ বর্মণ, আমজাদ হোসেন, সন্দিপন ঘোষ, ফারদিন হাসান, হৃদয়, আবদুস সালাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিপন চন্দ্র, আপন চন্দ, জিৎ, কাব্যসহ জেলার বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নাট্যকর্মীরা উপস্থিত ছিলেন।
.jpg)
বক্তারা বলেন, নাট্যচর্চা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি মানুষের চিন্তা, সৃজনশীলতা ও সামাজিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত প্রশিক্ষণ ও চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পীদের দক্ষতা আরও বাড়বে। এ ধরনের কর্মশালা সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নতুন নাট্যকর্মী তৈরিতে ভূমিকা রাখবে।
.jpg)
দুদিনের কর্মশালায় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নাট্যকর্মী ও অভিনয়প্রত্যাশীরা অংশ নেন। শুক্রবার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়ে শনিবার সমাপনী পর্ব ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে কর্মশালা শেষ হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন