প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৬ ২৩:৪০
সুনামগঞ্জের দিরাই উপজেলায় জেলা মহিলা দলের কিশোরী ফুটবলার বনফুল আক্তার (১২) ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো— উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে আবুল কালাম (৫০) ও আবুল কালামের ছেলে বাদশা মিয়া (১৯)।
এর আগে শুক্রবার (৩১ জুলাই) ভোরে উপজেলার শ্যামারচর এলাকার পেরুয়া গ্রামে অনুশীলনের সময় বনফুল আক্তারের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পূর্ববিরোধের জেরে কয়েকজন নারী—পুরুষ তাকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় বনফুলের পরিবারের পক্ষ থেকে দিরাই থানায় মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে।
দিরাই থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, কিশোরী ফুটবলারের ওপর হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন