প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৬ ২৩:৩৭
কিশোরী ধর্ষণের ঘটনায় একমাত্র আসামি আমিরুল হক কে গ্রেপ্তার করেছে র্যাব—৯। গ্রেপ্তারকৃত আসামি আমিরুল হক (২৪) বিরামপুর গ্রামের রমজান আলীর ছেলে।
র্যাব জানায়, ভিকটিম সুনামগঞ্জ জেলার সদর থানার বিরামপুর এলাকার বাসিন্দা এবং বিবাদী আমিরুল হকও একই এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে বিবাদী ভিকটিমকে রাস্তাঘাটে চলাচলের সময় বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম এসব প্রস্তাবে রাজি না হওয়ায় আসামি তাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করতে থাকে। গত ২৪ জুলাই রাতে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বসতঘর থেকে বাইরে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা বিবাদী তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম ঘটনাটি তার পরিবারের সদস্যদের জানান। এই ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। এই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র্যাব—৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব—৯, সিপিসি—৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল অদ্য শুক্রবার রাতে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। র্যাব—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষে গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন