প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৬ ২৩:২৩
ধর্মপাশা উপজেলায় পাগলা শিয়ালের তাণ্ডবে এক রাতেই অন্তত ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে শিশু, কিশোর, যুবক, নারী ও বৃদ্ধ রয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার একাধিক গ্রামে এ ঘটনা ঘটে। আকস্মিক এ হামলায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাগলা শিয়ালের দল হলিদাকান্দা, নোয়াবন্দ, ফাতেমানগর, কামলাবাজ, ধর্মপাশা গ্রামে ঢুকে পথচারী ও বাড়ির আঙিনায় থাকা লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই একের পর এক মানুষকে কামড়ে পালিয়ে যায়। এতে বিভিন্ন বয়সের অন্তত ১৫ জন আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শিয়ালের কামড়ে আহত হয়ে ১৩ জন চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভ্যাকসিন প্রয়োগের পর বাড়ি পাঠানো হয়। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। শনিবার সকালে আরও দুইজন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদেরও প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবির সরকার বলেন, এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ১৫ জন শিয়ালের কামড়ে আহত রোগী চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসা নিতে আসা সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন,শিয়াল বা অন্য কোনো বন্য প্রাণীর কামড়কে কখনোই সাধারণ ঘটনা হিসেবে নেওয়া উচিত নয়। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত সাবান ও পরিষ্কার পানি দিয়ে ক্ষতস্থান ধুয়ে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন