দিরাই

ধাওয়া খেয়ে নাম-ফোন নম্বর লেখা ছাতা ফেলে পালাল চোর

প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ১৫:০৫

চোরের ফেলে যাওয়া ছাতা ও ২ টি শাবল -ছবি. সুখবর

দিরাই পৌরসভার মজলিশপুর গ্রামে প্রবাসী জহিরুল আকন্দের বাড়িতে চুরির চেষ্টা করতে গিয়ে ধাওয়া খেয়ে নাম ও ফোন নম্বর লেখা একটি ছাতা এবং দুটি শাবল ফেলে পালিয়ে গেছে চুরেরা। একই রাতে গ্রামের আরও দুটি বাড়িতেও চুরির চেষ্টা চালানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ধারাবাহিক এসব ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে এ ঘটনা ঘটে।

 


স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে প্রবল বৃষ্টির সুযোগ নিয়ে চোরেরা জহিরুল আকন্দের বাড়ির টিনের চাল শাবল দিয়ে খুলে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে চোরেরা দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় তারা একটি নাম ও ফোন নম্বর লেখা ছাতা এবং দুটি শাবল ফেলে রেখে যায়।
ঘটনার বর্ণনা দিয়ে  ওয়াহিদ আকন্দ বলেন, রাত প্রায় ১টার সময় বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। সেই সুযোগে চোর ঘরের চাল খুলে ভেতরে ঢুকে পড়ে। শব্দ পেয়ে আমি জেগে উঠি এবং চিৎকার দিলে তারা দ্রুত পালিয়ে যায়। পরে বারান্দায় একটি নাম ও ফোন নম্বর লেখা ছাতা ও দুটি শাবল পড়ে থাকতে দেখি।

 


নাহিদ আকন্দ বলেন, এ ঘটনায় আমরা থানায় কোনো অভিযোগ করিনি। তবে এটি প্রথম নয়। এর আগেও আমাদের বাড়িগুলোতে অন্তত তিনবার চুরির চেষ্টা হয়েছে। বারবার এমন ঘটনায় আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।


স্থানীয়রা জানান, একই রাতে মজলিশপুর গ্রামের হানিফ আকন্দ ও সিরাজুল আকন্দের বাড়িতেও চুরির চেষ্টা চালানো হয়। তবে বাসিন্দারা সতর্ক হয়ে পড়ায় সেখানেও চোরেরা কোনো মালামাল নিতে পারেনি।

 


পরে উদ্ধার হওয়া ছাতায় লেখা ফোন নম্বরে যোগাযোগ করলে রমেন্দ্র কিশোর চৌধুরী নামে এক ব্যক্তি জানান, ছাতাটি তাঁর। তিনি বলেন, আমার বাড়িও একই এলাকায়। কিছুদিন আগে আমার বাসা থেকে দুটি মোবাইল ফোন চুরি হয়েছিল। তারও আগে এই নাম লেখা ছাতাটিও চুরি হয়ে যায়। ধারণা করছি, চোরেরা সেই চুরি হওয়া ছাতাই ব্যবহার করছিল। এখন সেটি ঘটনাস্থলে ফেলে গেছে।
তিনি আরও বলেন,এলাকায় চুরির উপদ্রব দিন দিন বেড়েই চলছে। প্রায়ই কোনো না কোনো বাড়িতে চুরির চেষ্টা বা চুরির ঘটনা ঘটছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এলাকাবাসীর দাবি, সাম্প্রতিক সময়ে মজলিশপুর এলাকায় চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। রাতের বেলায় সংঘবদ্ধ চোরচক্র বিভিন্ন বাড়িতে হানা দিচ্ছে। তারা দ্রুত এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি এলাকায় রাত্রীকালীন পুলিশ টহল জোরদারের দাবি জানিয়েছেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার