প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬ ১৭:১৬
৩৪৯০ কোটি টাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প। কৃষি, মৎস্য ও পর্যটনে সম্ভাবনারদ্বার উন্মোচন হবে: এমপি কামরুল
হাওরাঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে সুনামগঞ্জের জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার হাওর এলাকায় উড়াল সড়ক নির্মাণে কৃষি মৎস্য ও পর্যটনের সম্ভাবনারদ্বার উন্মোচন হবে। মঙ্গলবার দুপুরে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে হাওরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়ক বাস্তবায়নের পথে নতুন অধ্যায়ের সূচনা হলো।

জামালগঞ্জ উপজেলার কুকড়াপশী গ্রামের সামনে ‘জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। ‘হাওর এলাকায় উড়ালসড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের অংশ জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়ক। হাওর এলাকা সুনামগঞ্জে পুরো এই প্রকল্পে ব্যয় হবে তিন হাজার ৪৯০ কোটি টাকা। মূল সড়কের দৈর্ঘ্য প্রায় ২৮ কিলোমিটার। এরমধ্যে ১০. ৮১ কিলোমিটার উড়াল সড়ক। জামালগঞ্জের সাচনা-কাজীরগাঁও, ধর্মপাশার জয়শ্রী, ধর্মপাশা বাজার, আলেকদিয়া হয়ে নেত্রকোনার বারহাট্টা পর্যন্ত যাবে এই সড়ক।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাচনা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উড়াল সড়ক প্রকল্পের প্রকল্প পরিচালক ফেরদৌস আহমদ, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক আনিসুল হক ও ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মুতালিব খান।
উপজেলার খবর থেকে আরো পড়ুন