প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ২২:৪৭
ছাতক—দোয়ারাবাজার সড়কের বিভিন্ন অংশ থেকে কেটে ফেলা হচ্ছে অর্ধশত বছরেরও বেশি পুরোনো বহু মূল্যবান গাছ। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিত পরিবেশগত সমীক্ষা ছাড়াই এভাবে একের পর এক বিশাল গাছ কেটে ফেলায় সড়কের নান্দনিক সৌন্দর্য ম্লান হওয়ার পাশাপাশি মারাত্মক হুমকির মুখে পড়েছে পরিবেশের ভারসাম্য। বিশেষ করে নদীসংলগ্ন এ সড়কে নদীভাঙনের ঝুঁকি বহুলাংশে বেড়ে যাওয়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে।
.jpg)
স্থানীয়দের অভিযোগ, ছাতক থেকে দোয়ারাবাজার পর্যন্ত সড়কটির বড় একটি অংশ সুরমা নদীর তীর ঘেঁষে চলে গেছে। দীর্ঘদিন ধরে সড়কের পাশে থাকা বড় গাছগুলো নদীর তীরের মাটি ধরে রাখতে এবং ঢেউয়ের আঘাত কিছুটা প্রতিরোধ করতে ভূমিকা রাখছিল। এখন এসব গাছ কেটে ফেলায় বর্ষা মৌসুমে নদীভাঙনের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয় সচেতন মহলের দাবি, অর্ধশত বছরের পুরোনো এসব গাছ কেটে ফেলার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা প্রয়োজন ছিল। তাদের মতে, গাছগুলো শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করছিল না, নদীর তীরের মাটি ধরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল।
স্কুলছাত্র আল আমিন বলেন, সড়কের পাশে এত পুরোনো গাছ ছিল, এগুলো আমাদের ছায়া দিত এবং পরিবেশও সুন্দর রাখত। এখন একের পর এক গাছ কেটে ফেলায় রাস্তার সৌন্দর্য নষ্ট হচ্ছে। আমরা চাই, বাকি গাছগুলো সংরক্ষণ করা হোক এবং নতুন করে গাছ লাগানো হোক।
.jpg)
গাড়িচালক আলমগীর বলেন, আমি নিয়মিত এই সড়ক দিয়ে গাড়ি চালাই। রাস্তার পাশে বড় বড় গাছ থাকায় যাত্রীদের জন্যও স্বস্তি ছিল। এখন গাছগুলো কেটে ফেলার কারণে জায়গাগুলো অনেকটা উন্মুক্ত হয়ে গেছে। যেহেতু সড়কটির অনেক অংশ নদীর পাড় ঘেঁষে, তাই গাছ কেটে ফেললে ভবিষ্যতে নদীভাঙনের ঝুঁকি বাড়তে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই গাছগুলো একদিনে বড় হয় নি, বহু বছর ধরে এগুলো এখানে ছিল। গাছগুলো নদীর তীরের মাটি ধরে রাখতে সাহায্য করত। নিলামের মাধ্যমে গাছ বিক্রি করা হয়ে থাকলেও পরিবেশ ও নদীভাঙনের বিষয়টি বিবেচনা করা দরকার ছিল। আমরা চাই, নির্বিচারে গাছ কাটা বন্ধ করে পুরোনো গাছগুলো সংরক্ষণ করা হোক এবং কাটা গাছের জায়গায় নতুন গাছ লাগানো হোক।
স্থানীয়দের দাবি, উন্নয়ন বা সড়ক ব্যবস্থাপনার প্রয়োজনে কোনো গাছ কাটার প্রয়োজন হলে পরিবেশগত প্রভাব যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিশেষ করে নদীর তীরবর্তী সড়কের পাশে থাকা পুরোনো গাছগুলো সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
ছাতক—দোয়ারাবাজার বন বিভাগের কর্মকর্তা ফেরদৌস আহমদ বলেন, সড়কের পাশে অতিরিক্ত গাছ থাকায় নিলামের মাধ্যমে গাছগুলো বিক্রি করা হয়েছে। যারা নিলামে গাছগুলো পেয়েছেন, তারাই নিয়ম অনুযায়ী গাছগুলো কেটে নিচ্ছেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন