জনসভায় নিষিদ্ধ ছাত্রলীগের নাম নিয়ে বিতর্কে ইউএনও

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬ ২১:৫৩

হাওর এলাকার বহুল কাঙ্ক্ষিত জামালগঞ্জ—ধর্মপাশা উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগ’ এর নাম উচ্চারণ করে বিতর্কের জন্ম দিয়েছেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রাণী মোদক। মঙ্গলবার সকালে সাচনা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ এলজিইডি আয়োজিত জনসভায় এই ঘটনা ঘটে।

 


জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এমপি কামরুলের বক্তব্য শেষে সভাপতির বক্তব্য দিতে গিয়ে ইউএনও শিল্পী রাণী মোদক উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নাম উল্লেখ করার সময় ‘ছাত্রলীগ’ও সম্বোধন করেন।
ইউএনও তাঁর বক্তব্যে বলেন, ‘এখানে উপস্থিত আছেন বিভিন্ন সরকারি কর্মকর্তা—কর্মচারীবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, সাথে আছেন আপনারা কৃষক ভাইরা সবাই এবং এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ’। নিষিদ্ধ ছাত্রলীগের নাম নেওয়ার পাশাপাশি তিনি প্রতিটি ইউনিয়নে ৩ একর খাস জমিতে খেলার মাঠ তৈরি সংক্রান্ত নির্দেশনার কথা জানান এবং উড়াল সড়ক নির্মাণে জামালগঞ্জবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

 


প্রকাশ্য জনসভায় ইউএনওর মুখে নিষিদ্ধ সংগঠনের নাম আসায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা, যার মধ্যে ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ—সাধারণ সম্পাদক আনিসুল হক, জামালগঞ্জ, ধর্মপাশা ও তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

 


এই বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক বলেন, স্বৈরাচারের দোসররা এখনো দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বহাল তবিয়তে আছে। তাদেরকে এখনো অপসারণ করা সম্ভব হয় নি, তবে দ্রুত সরাতে হবে। মাননীয় মন্ত্রী ও এমপি মহোদয়ের কাছে আমাদের জোর দাবি—এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে দ্রুত নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার