সংবাদ সম্মেলন

হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ১৯:৩৫

হেফাজতে ইসলামের মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ। বুধবার বেলা ১১টায় সুনামগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্যদের জানমাল, কার্যালয় এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

 


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা হেযবুত তওহীদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী হাসান আলী, তাহিরপুর ইউনিট আমির সুলতান মাহমুদ, হালুয়ারঘাট ইউনিট আমির মারফত আলী, বিশ্বম্ভরপুর ইউনিট আমির সাদেম আলী এবং সদস্য তাসাদ্দুক রাজা ইমন, রহিছ মিয়া, আব্দুল নূর, রুহুল আমিন, আ. হামিদ ও ডা. ইউসুফ প্রমুখ।

 

 

 

 

 


লিখিত বক্তব্যে মোহাম্মদ জাকির হোসেন অভিযোগ করেন, গত ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে হেফাজতে ইসলামের বক্তারা হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক, কুরুচিপূর্ণ ও মিথ্যা প্রচারণা চালিয়েছেন। তারা হেযবুত তওহীদের ইমাম ও সদস্যদের বিরুদ্ধে অগণতান্ত্রিক ও হিংসাত্মক বক্তব্য দেওয়ার পাশাপাশি সংগঠনটির আস্তানা গুঁড়িয়ে দিয়ে দেশ থেকে উৎখাত করার হুমকি দিয়েছেন।

 


তিনি আরও জানান, সম্প্রতি ফটিকছড়িতে হেফাজতে ইসলামের ঘোষিত ৯ দফা দাবির ৬ নম্বর দফায় হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। এসব কর্মকাণ্ডের ফলে সংগঠনের সদস্যদের জীবন ও সম্পদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং এলাকায় অরাজক পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ইতোপূর্বে উগ্রবাদীদের ইন্ধনে পোরকরা গ্রামে হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের গ্রামের বাড়িতে চারবার হামলা চালানো হয়েছে। এসব হামলায় সংগঠনের দুইজন সদস্য নিহত এবং শতাধিক আহত হন। বর্তমানে নোয়াখালীতে হেযবুত তওহীদের পরিচালনাধীন স্কুল, হাসপাতাল, কৃষি খামার ও পোশাক কারখানাসহ অর্ধশতাধিক উন্নয়ন প্রকল্প হুমকির মুখে রয়েছে।

 


সংগঠনের নেতারা বলেন, হেযবুত তওহীদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সংস্কারমূলক আন্দোলন। আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিগত তিন দশকেরও বেশি সময় ধরে তারা শান্তিপুর্ণভাবে উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও ধর্মব্যবসার বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছেন। গত ৩১ বছরে তাদের বিরুদ্ধে প্রায় ছয় শতাধিক মামলা করা হলেও আদালতের রায়ে কোনো সদস্যই দোষী সাব্যস্ত হননি বলে তারা দাবি করেন।

 


সংবাদ সম্মেলন থেকে ৪টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়— উসকানি ও বিদ্বেষমূলক ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ। শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় ব্যবহার করে উসকানিমূলক বক্তব্য বন্ধ করা। হেযবুত তওহীদের কার্যালয়, সদস্যদের পরিবার এবং উন্নয়নমূলক প্রকল্পগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সংগঠনের সদস্যদের মতপ্রকাশ ও ধর্মীয় মৌলিক অধিকার রক্ষা করা।


সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বক্তারা উগ্রবাদ, মব ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম কর্মী এবং সচেতন নাগরিকসমাজকে ঐক্যবদ্ধ হয়ে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার