প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ২২:৩৩
তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু আজ
দেশে প্রথমবারের মতো আয়োজিত ‘নৌযান শুমারি—২০২৬’ উপলক্ষে সুনামগঞ্জে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুর ১২টায় এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আজ ২০ আগস্ট থেকে আগামী ২৯ আগস্ট পর্যন্ত সারাদেশে এ শুমারির মূল তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও নৌপরিবহন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই শুমারিতে সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সকল ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগৃহীত হবে। তবে ইঞ্জিনবিহীন নৌকা এ শুমারির আওতামুক্ত থাকবে।
.jpg)
এর আগে গত ৪ থেকে ১৭ মে পরিচালিত প্রাথমিক তালিকায় সারাদেশে মোট ২ লাখ ৪৪ হাজার ৮০৮টি ইঞ্জিনচালিত নৌযান শনাক্ত হয়। এর মধ্যে ২৬ হাজার ৯৯টি নৌযান নিয়ে সুনামগঞ্জ জেলায় দেশের সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান পাওয়া গেছে।
সুনামগঞ্জে শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় জেলাকে ৪টি শুমারি এলাকায় ভাগ করা হয়েছে। এতে ৪ জন জেলা শুমারি সমন্বয়কারী, ৪৯ জন জোনাল অফিসার এবং ৩৫৩ জন গণনাকারী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ শুমারির মাধ্যমে নৌপরিবহন খাতের একটি সমন্বিত ডেটাবেজ তৈরি হবে, যা নীতি নির্ধারণ, নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা মোকাবিলা এবং অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
র্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মুশফিকুর রহমান পারভেজ সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা—কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন