প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ২০:৩৮
জগন্নাথপুরে প্রাথমিকের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠনে চরম অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি না পেরোনো এক ব্যক্তিকে সভাপতি বানানোর পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এ অনিয়ম ও পক্ষপাতমূলক প্রক্রিয়া বাতিল চেয়ে গত বৃহস্পতিবার এলাকাবাসীর পক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্র জানায়, উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভুরাখালী গ্রামের ‘৪৮ নং আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়’—এর ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল অনিয়মের আশ্রয় নিচ্ছে। কমিটিতে ইন্টারমিডিয়েট (এইচএসসি) পাস এবং ডিগ্রি (পাস কোর্স) পরীক্ষার ফলপ্রার্থী যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও তাদের উপেক্ষা করা হচ্ছে। এর বদলে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি না পেরোনো দুলু আহমদ হৃদয় নামের এক ব্যক্তিকে সভাপতি হিসেবে মনোনীত করার জোর চেষ্টা চালানো হচ্ছে।
অভিযোগকারী আশিকুর রহমান তামিম জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে সরকারি বিধি—বিধান ও যোগ্যতার শর্ত যথাযথভাবে অনুসরণ করা জরুরি। একজন স্বল্পশিক্ষিত ব্যক্তিকে সভাপতি বানালে বিদ্যালয়ের শিক্ষার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়বে। তাই আমরা সরকারি বিধি অনুযায়ী যোগ্য ব্যক্তিকে মূল্যায়নের দাবি জানিয়ে লিখিত অভিযোগ দিয়েছি।
তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে দুলু আহমদ হৃদয় বলেন, আমাদের বিদ্যালয়ে অভিভাবকদের মধ্যে বিএ পাস কেউ না থাকায় আমার নাম সর্বসম্মতিক্রমে প্রস্তাব করা হয়েছে। তিনি ৯ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন বলে দাবি করেছেন।
বিষয়টি সম্পর্কে জানতে আব্দুস সামাদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাজুল হক চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এটিইও স্যারের সঙ্গে আলাপে আছি— এই কথা বলে সংযোগটি কেটে দেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাবুবুল আলম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন