প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ২২:৩৩
৬ লাখ টাকার আয়োজনে অনুদান ১০ হাজার টাকা। চেক ফেরত দিল প্রকাশক পরিষদ
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) দেওয়া ১০ হাজার টাকার অনুদানের চেক প্রত্যাখ্যান করে ফেরত দিয়েছে প্রকাশক পরিষদ সিলেট। বিশাল বাজেটের একটি মেলায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সিসিকের নাম ব্যবহার হলেও, এই সামান্য অনুদানকে শিল্প—সংস্কৃতির প্রতি ‘কৃপণতা ও লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন পরিষদের নেতারা।
গত ১০ থেকে ১৬ মে পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘সিলেট বইমেলা ২০২৬’। মেলায় শিশু—কিশোরদের পাঠ্যাভ্যাস বাড়াতে দুই শতাধিক বই বিতরণ করা হয়। এ ছাড়া প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রায় শতাধিক নবীন—প্রবীণ শিল্পীর হাতেও বই তুলে দেয় আয়োজক পরিষদ। সব মিলিয়ে এ মিলনমেলা আয়োজনে প্রকাশক পরিষদের ব্যয় হয় প্রায় ৬ লাখ টাকা।
মেলাজুড়ে ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন সংবাদমাধ্যমে সিলেট সিটি করপোরেশনকে ‘সার্বিক পৃষ্ঠপোষক’ হিসেবে প্রচার করা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিকের প্রশাসক এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ—সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী। পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দসহ বহু কবি—সাহিত্যিক এতে অংশ নেন।
মেলার সফল সমাপ্তির পর আর্থিক সহায়তার আবেদন করা হলে সিসিক থেকে মাত্র ১০ হাজার টাকার একটি চেক দেওয়া হয়। ৬ লাখ টাকার বিশাল আয়োজনের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছে প্রকাশক পরিষদ। পরিষদের নেতারা জানান, সদস্যরা নিয়মিত অগ্রিম আয়কর ও সিসিকের নিয়ম মেনে ট্রেড লাইসেন্স নবায়ন করে ব্যবসা পরিচালনা করেন। এমন একটি সক্রিয় সংগঠনের আয়োজনে স্থানীয় প্রশাসনের এই রূপ আচরণ অত্যন্ত লজ্জাজনক।
চেক ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রকাশক পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান।
সিলেট থেকে আরো পড়ুন