প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ২২:৪৭
জগন্নাথপুরের শিবগঞ্জ—বেগমপুর সড়ক সংস্কারের দাবিতে লংমার্চ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে দক্ষিণ গণদাবি পরিষদ’র আয়োজনে উপজেলার কাতিয়া, পাইলগাঁও, কুবাজপুর, রমাপতিপুর, দোস্তপুর, ইছগাঁও, ঘোষগাঁও ও টিয়ারগাঁও গ্রামের লোকজন স্থানীয় শিবগঞ্জ বাজার থেকে লংমার্চ শুরু হয়, জগন্নাথপুর পৌর পয়েন্টে গিয়ে যা শেষ হয়। পরে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ জগন্নাথপুর গণদাবি পরিষদের আহ্ববায়ক মাসুম আহমদের সভাপতিত্বে ও গণদাবি পরিষদের নেতা হাফিজ আখতারুজ্জামান রিয়াদের পরিচালনায় এতে বক্তব্য দেন মাওলানা দরছ উদ্দিন, শিবগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুল বাছিত সুমন, ফরহাদ মিয়া, কুবাজপুর হযরত ফাতিমা রাঃ একাডেমির পরিচালক হাফিজ আবু তাহের, কুবাজপুর গ্রামের সালিশী ব্যক্তি মো. জেবুল মিয়া, ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতার হোসেন, সহকারী শিক্ষক মো. জিকরুল আলম, মো. মিলন মিয়া, ইছগাঁও মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান, কুবাজপুর দক্ষিণপাড়া দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিবুর রহমান, মো. সুহেল আহমদ, মো. খলিল চৌধুরী, মো. রিয়াজ মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারহীন হয়ে পড়ায় সড়কটি অচল হয়ে পড়ে আছে। সামান্য বৃষ্টি হলে পানি জমে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি পায়ে হেঁটে চলাফেলা করা দুরুহ হয়ে উঠে। ফলে চরম জনদুর্ভোগ পোহাতে হয়।
দক্ষিণ জগন্নাথপুর গণদাবি পরিষদের আহ্ববায়ক স্থানীয় কুবাজপুর গ্রামের বাসিন্দা মাসুম আহমদ বলেন, দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে সড়কে কোন কাজ করা হয় নি। মাঝে মধ্যে সংস্কার নামে নামমাত্র কাজ করে সরকারি অর্থ লুট করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে জগন্নাথপুরের তিন ইউনিয়নের লাখো মানুষ যাতায়াত করে আসছেন। বর্তমানে সড়কের দক্ষিণ অঞ্চলে করুণ অবস্থা বিরাজ করছে। আমাদের ন্যায্য দাবি আদায়ে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি।
এলাকাবাসী জানান, জগন্নাথপুর উপজেলা সদর থেকে শিবগঞ্জ—বেগমপুর সড়ক দীর্ঘ ১৮ বছর ধরে সংস্কার হয়নি। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর, খানপুর, আলীপুর, নতুন কসবা, গোতগাঁও, সোনাতলা, কদমতলা, মশাজান, কাতিয়া, অলৈতলী আলাগদি, আশারকান্দি ইউনিয়নের কালনিচর, আটঘর, খালাইনজুড়া, মিলিক, বড়ফেচি, ছোট ফেচি, রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও, ইছগাঁও, কুবাজপুরসহ ৫০ গ্রামের লোকজনকে। এসব গ্রামের জনসাধারণের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই সকড়।
এছাড়াও এসড়ক দিয়ে বেগমপুর হয়ে সিলেটের বিভিন্ন অঞ্চলসহ ঢাকার সঙ্গে যোগাযোগ করে আসছেন উপজেলাবাসী। গুরুত্বপূর্ণ এ সড়ক দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়াতে অচল হয়ে পড়েছে এই পথের যোগাযোগ ব্যবস্থা। এসময় সংস্কার দাবিতে মানববন্ধন, সভাসমাবেশসহ বিভিন্ন কর্মসূচি করেন এলাকাবাসী।
২০১৬ সালে সড়কের ১১ কিলোমিটার সংষ্কারের জন্য প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও রাস্তার কিছু অংশে যৎসামান্য কাজ করে অর্থলুটের অভিযোগ ছিল তৎকালীন সরকারদলীয় প্রভাবশালী ঠিকাদারের বিরুদ্ধে। এরমধ্যে ২০২২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হয় সড়কটি। সড়কজুড়ে ভাঙাচুরা, খানাখন্দ ও বড় বড় গর্ত সৃষ্টি হয়ে যানচলাচলের অনুপযোগী হয়ে উঠে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে সড়ক সংস্কারের জন্য ২ কোটি টাকা বরাদ্দ নিয়ে কাজ শুরু করেন সুনামগঞ্জের ঠিকাদার রেনু মিয়া। ২০২৫ সালের জুন মাসে কাজ শেষ করার কথা থাকলে সময়বৃদ্ধি করে ২০২৬ সালের জুন পর্যন্ত বর্ধিত করেন। কিন্তু উল্লেখিত সময়ের মধ্যে কাজ না করে কাজ ফেলে রাখা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, সড়কের কাজ দীর্ঘদিন ধরে না করে ফেলা রাখা ও কাজের মেয়াদকাল শেষ হওয়ায় ঠিকাদার বাতিলের জন্য আমরা আবেদন করেছি। তিনি বলেন, সিলেট বিভাগের উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পে সড়কটি প্রস্তাব করা রয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন