মালয়েশিয়ায় অর্থনীতিতে অবদান রাখছেন বিদেশি শিক্ষার্থীরাও, বাংলাদেশের অবস্থান তৃতীয়

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১৩:০৯

সংগৃহীত ছবি 

মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ১ লাখ ৬৭ হাজার বিদেশি  শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয়ের মাধ্যমে দেশটির অর্থনীতিতে বছরে প্রায় ২০ বিলিয়ন রিঙ্গিত অবদান রাখছেন তারা। এ তথ্য জানিয়েছেন এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেসের (ইএমজিএস) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নোভি তাজউদ্দিন।

 

 

রোববার (২৩ আগস্ট) তেরেংগানুর পানতাই তেলুক কেতাপাংয়ে আয়োজিত ‘মালয়েশিয়ান কালচারাল ডিসকভারি কমিউনিটি ইমারশন’ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় এসব তথ্য জানান নোভি তাজউদ্দিন।

 

 

তিনি বলেন, ইএমজিএসের এক গবেষণায় দেখা গেছে, মালয়েশিয়ায় অবস্থানকালে একজন বিদেশি শিক্ষার্থী গড়ে প্রতি মাসে প্রায় ১০ হাজার রিঙ্গিত ব্যয় করেন। বর্তমানে দেশটিতে এক লাখ ৬৭ হাজার বিদেশি শিক্ষার্থী থাকায় তাদের সম্মিলিত ব্যয়ের প্রভাব জাতীয় অর্থনীতিতে বছরে প্রায় ২০ বিলিয়ন রিঙ্গিত। বিদেশি শিক্ষার্থীরা শুধু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্যই অর্থনৈতিক সুবিধা বয়ে আনছেন না, তাদের উপস্থিতি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল করছে। বিশেষ করে খাবার, পরিবহণ ও বিভিন্ন সেবা খাতের ব্যবসায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ব্যয়ের ইতিবাচক প্রভাব পড়ছে।

 

 

নোভি তাজউদ্দিন উদাহরণ দিয়ে বলেন, তেরেংগানুর ইউনিভার্সিটি সুলতান জাইনাল আবিদিন (ইউনিসজা) ও ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেংগানু (ইউএমটি)-এর মতো বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করলে শুধু বিশ্ববিদ্যালয় নয়, আশপাশের স্থানীয় জনগোষ্ঠীও এর সামাজিক ও অর্থনৈতিক সুফল পায়।

 

 

নোভি বলেন, আগে বিদেশি শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে সাধারণত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডার মতো চারটি দেশ থাকত। এখন সেই তালিকায় মালয়েশিয়াও স্থান করে নিয়েছে। গত তিন বছরে মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৩ শতাংশ বেড়েছে।

 

 

বিদেশি শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্যে মালয়েশিয়া ২০৩৫ সালের মধ্যে ৫ লাখ বিদেশি শিক্ষার্থী আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে। ১০ বছর মেয়াদি ‘মালয়েশিয়া হায়ার এডুকেশন ব্লুপ্রিন্ট’-এ এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

 

নোভি তাজউদ্দিন বলেন, বর্তমানে মালয়েশিয়ায় এক লাখ ৬৭ হাজার বিদেশি শিক্ষার্থী রয়েছেন। এই সংখ্যা আরও বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে মালয়েশিয়ার উচ্চশিক্ষাব্যবস্থার প্রচার চালানো হবে। তিনি বলেন, বিদেশি শিক্ষার্থী আকর্ষণে বিশ্বের প্রায় সাত থেকে আটটি অঞ্চলকে কেন্দ্র করে প্রচারণা চালানোর পরিকল্পনা রয়েছে।

 

 

এদিকে মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থী পাঠানোর ক্ষেত্রে বর্তমানে শীর্ষ পাঁচটি দেশ হলো চীন, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। এ তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়।

 

 

নোভি তাজউদ্দিন জানান, মালয়েশিয়ায় অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের একটি বড় অংশই স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। সরকারি ও বেসরকারি উভয় ধরনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের হিসাব মিলিয়েই বর্তমানে দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক লাখ ৬৭ হাজার।
সূত্র: যুগান্তর .কম
এমডি

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার