প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১৯:৩৪
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জ ও জামালপুর জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতের মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক কারাগারে ৩ জন ও ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে ছিলেন ৩ বাংলাদেশি নাগরিক। কারাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়।
তারা হলেন- ঢাকার কদমতলীর মো. সাকিব (২৩), সুনামগঞ্জের ছাতকের আলিম উদ্দিন (২৯), নারায়ণগঞ্জের এমদাদুল হক (৪৩), রাজশাহীর গোদাবাড়ীর মো. তফিজুল ইসলাম (৪৭) ও মো. রিহাম (১৯), চাঁপাইনবাবগঞ্জ সদরের মো. মামলত হোসেন (৩৪)।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ৬ বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রহণ করা হয়েছে। পরে তাদের নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।
সিলেট থেকে আরো পড়ুন