প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০২
দিরাই উপজেলায় দুর্যোগের আগাম প্রস্তুতি, পূর্বাভাসনির্ভর কার্যক্রম এবং সময়মতো মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে PROTISTHAA (Protocols and Trigger-based Institutional Systems for Timely Humanitarian & Anticipatory Action) প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় দিরাই উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি ও অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।
সভায় PROTISTHAA প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে দুর্যোগের আগাম পূর্বাভাস, Anticipatory Action (আগাম পদক্ষেপ), Trigger-based Action এবং সময়মতো মানবিক সহায়তা প্রদানের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
দিরাই উপজেলার হাওরাঞ্চলে বন্যা, আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টিও সভায় তুলে ধরা হয়।
PROTISTHAA প্রকল্পটি কেয়ার বাংলাদেশের সার্বিক নেতৃত্বে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO)-এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এতে RIMES কারিগরি সহায়তা দিচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা সংস্থা DG ECHO অর্থায়ন করছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো জাতীয় ও স্থানীয় পর্যায়ে বহুমাত্রিক দুর্যোগের জন্য আগাম ব্যবস্থাপনা গড়ে তোলা এবং দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর মানবিক সহায়তা নিশ্চিত করা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, PROTISTHAA প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার গাজী মোহাম্মদ আসাদুজ্জামান, প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ আল বারী, মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার মোশাররফ হোসাইন, অ্যাডমিন অফিসার স্বপন কুমার দেব, জনি ল্যাং ব্যাং এবং ফিল্ড ফ্যাসিলিটেটর সারওয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা।
সভায় আশাবাদ ব্যক্ত করা হয়, PROTISTHAA প্রকল্পের মাধ্যমে দিরাই উপজেলায় পূর্বাভাসনির্ভর ও আগাম মানবিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। পাশাপাশি দুর্যোগপ্রবণ মানুষের সহনশীলতা, নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিতেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন